
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।
আজ শনিবার বেলা আড়াইটায় নবনিযুক্ত উপাচার্যের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ দাবি করে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নবনিযুক্ত উপাচার্য বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারটি পরীক্ষা আন্দোলনের কারণে আটকে রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, এই বক্তব্য ক্যাম্পাসের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের ভাষ্য, ওই শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। শুধু একটি বিভাগের পরীক্ষা এখনো শুরু হয়নি।
শনিবার বেলা আড়াইটায় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা, এক দাবি—সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে শিক্ষার্থীদের হাতে ‘চুয়েটের অচলাবস্থা কাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ লেখা ব্যানার দেখা যায়। এ ছাড়া ‘চুয়েট সচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’, ‘চুয়েট রিভোল্টস ফর সায়েম স্যার’ ও ‘পিএম, কনসিডার আওয়ার অ্যাপিল’ লেখা প্ল্যাকার্ডও ছিল।
শিক্ষার্থীরা চুয়েটের অচলাবস্থা নিরসন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন দ্রুত আমাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেন। আমরা ক্লাসে ফিরতে চাই।’
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক সায়েমকে পদ থেকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে প্রায় ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এসব ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিন দিন বাড়ছে অসময়ে তরমুজ চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। লাভজনক এই ফসল আবাদ করতে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি বিভাগ।
২৪ মিনিট আগে
ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রবাসী ওমার ফারুক। পুলিশ পরিচয়ে তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির নামে ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে গেছে চার-পাঁচজনের একটি দল...
২৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে নিখোঁজ আব্দুর রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নদীর নাজিরপুর সৌহার্দ্য সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়েছিল।
৩৫ মিনিট আগে