Ajker Patrika

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে ইলিশের দাম বেড়ে কেজি ৩ হাজার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৬: ১৩
নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে ইলিশের দাম বেড়ে কেজি ৩ হাজার
ফাইল ছবি

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। গত সপ্তাহে এক কেজির ইলিশ আড়াই হাজারে বিক্রি হলেও এখন দাম বেড়ে ৩ হাজারে দাঁড়িয়েছে। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিলে এর সুফল জেলেরাই পাবেন।

আজ শনিবার সদর উপজেলার বহরিয়া ও হরিণা মাছঘাটে গিয়ে দেখা যায়, বহরিয়ায় সর্বোচ্চ ৫০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। ছোট ইলিশের হালি ৩০০-৫০০ টাকা এবং ৫০০ গ্রামের হালি ২ হাজার টাকা। মাছ আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।

বহরিয়ার জেলে হান্নান গাজী বলেন, শেষ সময়ে আমদানি কিছুটা বাড়লেও আগস্টে তা খুবই কম ছিল। এখন পাওয়া ইলিশে কোনোরকমে খরচ উঠছে। আড়তদার মো. ইদ্রিস আলী বলেন, আমদানি বাড়লেও চাহিদার তুলনায় কম; চাঁদপুরের ইলিশের সুনাম থাকায় চাহিদা বেশি।

হানারচরের জেলে নজরুল ইসলাম জানান, ১০ জনের নৌকায় মাছ ধরে খরচ উঠেছে। তবে জালে ময়লা-আবর্জনা আটকে যাওয়ায় আর নদীতে নামতে পারছেন না; নিষেধাজ্ঞার আগে হয়তো দু-এক দিন মাছ ধরবেন।

হরিণা ঘাটের পাইকারি বিক্রেতা মো. জাহাঙ্গীর সৈয়াল বলেন, গত দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ২০০ মণ ইলিশ এলেও কয়েক দিন ধরে আমদানি কমেছে। দূরদূরান্তের ক্রেতা এলেও চাহিদা মেটানো যাচ্ছে না। এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা হয়েছে; ছোট ইলিশের হালি ৫০০-২ হাজার টাকা।

প্রবীণ বিক্রেতা সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, সরাসরি জেলেরা পদ্মা-মেঘনা থেকে মাছ আনেন এবং বরফ দেওয়ার আগেই বিক্রি হয়ে যায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কেনাবেচা চলে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, চলতি সপ্তাহে আমদানি কমেছে। কম দামে ইলিশের আশায় অনেকে ঘাটে এলেও চাহিদার তুলনায় মাছ কম থাকায় দাম কমছে না।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, শেষ সময়ে আমদানি কিছুটা বেড়েছে, হাজার হাজার জেলে কম-বেশি ইলিশ পাচ্ছেন এবং এবার মাছের গড় আকারও বড়। মা ইলিশ রক্ষায় সচেতনতা কার্যক্রম চলছে। ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা সফল হলে জেলেরাই সুফল পাবেন; আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত