
চট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে নগরের কাপাসগোলায় স্থানীয় একটি নালায় রিকশাসহ নালায় পড়ে গিয়েছিল শিশু সেহেরিশ, তাঁর মা ও দাদি।
স্থানীয় লোকজন শিশুটির মা ও দাদিকে উদ্ধার করতে পারলেও শিশুটি নিখোঁজ ছিল। নিহত শিশু সেহেরিশ নগরের আছাদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।
পরিবার বলেছে, শুক্রবার সোয়া ৮টার দিকে নগরের আছাদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার বাসা থেকে চকবাজার কাপাসগোলায় শিশুটির ফুফুর বাসায় যেতে তাকে নিয়ে তার মা ও দাদি সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রওনা হন। কাপাসগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালের অংশে স্থানীয় একটি উন্মুক্ত নালা লাগোয়া সরু গলি দিয়ে যেতে হয় শিশুটির ফুফুর বাসায়। রাতে ওই সময় বৃষ্টি হওয়ায় কাপাসগোলায় নালার পানি উপচে পড়ছিল। পানিতে স্রোতও ছিল। গলিতে ছিল হাঁটুপানি। কাপাসগোলায় পৌঁছানোর পর শিশুটিকে নিয়ে তার মা ও দাদি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। গলির হাঁটুপানি মাড়িয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত রিকশাটি নালায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় ও পথচারীরা সেহরিশের মা ও দাদিকে উদ্ধার করেন। তবে শিশু সেহরিশ নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতভর শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। শনিবার সকালে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর ডুবুরি দল। এরপর শিশুটির মরদেহ উদ্ধারের খবর আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, কাপাসগোলায় দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৪-৫ কিলোমিটার দূরে এক নম্বর চামড়ার গুদামসংলগ্ন চাক্তাই খাল থেকে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করেছেন। খালের পানিতে স্রোতের কারণে শিশুটির মরদেহ এত দূরে চলে গিয়েছিল।
নগরের চামড়ার গুদাম এলাকায় শিশুটিকে উদ্ধারকারী যুবক মো. মিজান সাংবাদিকদের বলেন, খালের পাড়ে হঠাৎ আবর্জনার মধ্যে একটি পুতুল পড়ে রয়েছে বলে মনে হয়েছিল। কিন্তু মন মানছিল না। পরে কাছে গিয়ে দেখি ওটা একটা শিশুর লাশ। পরে তিনি মানুষজন জড়ো করে শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন।
জানা যায়, নগরের এক নম্বর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খালের যে অংশে শিশুটির মরদেহ পাওয়া গেছে, তার অদূরেই শুঁটকিপট্টি এলাকায় শিশুটির বাসা। তবে শনিবার গণমাধ্যমকর্মীদের কাউকে বাসার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গেটে তালা লাগানো ছিল। এ কারণে শিশুটির পরিবারের কারও সঙ্গে কথা বলা যায়নি। এর আগে শুক্রবার রাতে দুর্ঘটনার পর শিশুটির মামা মারুফ বলেন, নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে রিকশাটি নালায় পড়েছে।
এদিকে নালায় পড়ে শিশুর মৃত্যুর মর্মান্তিক এ খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সমালোচনা করছেন। তাঁরা দ্রুত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ করে খালপাড়ে বেষ্টনী বা রেলিং দেওয়ার দাবি জানান। জানা গেছে, দুর্ঘটনার পরপরই তড়িঘড়ি করে কাপাসগোলার নালাটি বাঁশের বেষ্টনী দিয়ে ঘেরাও দেন একদল শ্রমিক।
স্থানীয় মো. রুবেল বলেন, আগে নালাটিতে বাঁশের বেষ্টনী ছিল। জলাবদ্ধতা প্রকল্প কাজ চলার সময় তা ভেঙে ফেলা হয়।
জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আওতায় থাকা নালায় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্লাব বসানো, মেরামত এগুলো নিয়মিত করে আসছি।’ তিনি বলেন, ‘আমরা জলাবদ্ধতা প্রকল্পের জন্য ৩৬টি খাল সিডিএকে দিয়েছি। কাপাসগোলা এলাকায় হিজড়া খালে যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেটা এখন সিডিএর আওতায়। এখানে আগে বাঁশের বেষ্টনী ছিল। কদিন আগে এস্কেভেটর নিতে গিয়ে সেগুলো সরায় সিডিএ। তারা কাজ শেষে আমাদের এখনো বুঝিয়ে দেয়নি।’
সিডিএর প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কাজী হাসান বিন শামস বলেন, ‘আমরা ১৯টি খালের কাজ শেষ করেছি। সেগুলোতে বেষ্টনী দেওয়া আছে। হিজড়া খালটি আমাদের অধীনে ছিল না। সম্প্রতি সরকার সাড়ে ছয় শ কোটি টাকা অনুদান দিয়ে এই খালে কাজ করতে বলে। আমরা এখনো সেখানে কাজই শুরু করিনি। শুধুমাত্র পরিষ্কার করেছি।’

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় আতঙ্কে পালিয়ে আসা কাঠুরিয়াদের কয়েকজন এ তথ্য জানান। তবে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২ মিনিট আগে
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় করা মানব পাচার আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র এবং শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কালুরঘাট বেতারকেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘরকে সমন্বিত ব্যবস্থাপনায় আনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে, বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
৩৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য বেলা ১১টার দিকে বিবদমান দুই পক্ষ সালিস বৈঠকে বসে। বৈঠকে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. চান্দুর অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
৩৮ মিনিট আগে