Ajker Patrika

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮: ৫১
সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসে প্রাণহানির ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। একই ঘটনায় কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিএসবিআরএর তরফে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আজ শুক্রবার বেলা ৩টা ৫৭ মিনিটে বিএসআরবির মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার এ-সংক্রান্ত স্টপ অপারেশন অর্ডার (এসওও) জারি করেন।

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদকে পাঠানো ওই আদেশে গ্যাস-সংযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এখন পর্যন্ত সাতজনের প্রাণহানি ঘটেছে বলে উল্লেখ করা হয়। তবে বাস্তবে এই প্রাণহানির সংখ্যা আরও বেশি। সর্বশেষ খবর অনুযায়ী, গ্যাস বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয়েছে।

বিএসআরবির মহাপরিচালক শফিউল আলম তালুকদার জানান, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ওই ইয়ার্ডে যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। বার্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা ও আদেশ বাস্তবায়নে জোর দেওয়া হয়।

তবে আদেশে সাতজনের প্রাণহানির কথা বলা হলেও ঘটনা কোথায় ও কীভাবে ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে এর সুনির্দিষ্ট সম্পৃক্ততা কী, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

বিএসবিআরএর সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্যাপ্টেন মোহাম্মদ এনামকে প্রধান করে বিএসবিআরএর পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

তথ্যমতে, বিএসআরবি জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডগুলোর অনুমোদন, নিরাপত্তা, পরিবেশগত মান ও সংশ্লিষ্ট নিয়মকানুন বাস্তবায়নের সঙ্গে যুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত