Ajker Patrika

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০: ৩১
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একাদশ দিনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে সরকারি ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একাদশ দিনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘১১তম দিনের কর্মসূচি হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।’

যুলকারনাইন মিহাদ আরও বলেন, ‘আমাদের ক্লাস ও পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অতি শিগগির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে একটা ইতিবাচক ফলাফল চাই।’

একই বর্ষের আরও এক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ জুমার নামাজের পর আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই।’

অরিন্দম দে আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি—আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।’

গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এ পর্যন্ত মশালমিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত