চট্টগ্রাম নগরের একটি কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মনু মিয়া নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এটি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের বাগমনিরাম ওয়ার্ডের একটি কেন্দ্র।
মৃত মনু মিয়া নগরের ব্যাটারিগলির মধুবন গলির বাসিন্দা। তিনি নগরের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ওই ব্যক্তি ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মনু মিয়ার ছেলে শাকিল বলেন,‘বাবা সকালে ভোট দিতে কাজীর দেউড়ি বালক স্কুলে যান। তিনি ভোট দেওয়ার জন্য লাইনেও দাঁড়ান। কিন্তু ভোটকক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাঁকে দ্রুত বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপির ধানের শীষ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
৩ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। আজবৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রংপুরের ৬টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় প্রার্থী–সমর্থকেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দ্রুত ও স্বচ্ছভাবে গণনা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
৪৪ মিনিট আগে