নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন।
আজ বুধবার রাতে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
বিএনপি সূত্রে জানা যায়, জসিম বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে এনসিপি নেতা দিদার হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি-চাপাতি) নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা ‘ধর ধর’ বলে জসিমকে কোপাতে শুরু করেন। ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেননি। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় উপজেলা বিএনপি। তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে তাঁরা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকেছিলেন।
১৭ মিনিট আগে
বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই রাতে রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় বিষয়টি বুঝতে পেরে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা।
৩৬ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়।
১ ঘণ্টা আগে
বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। আটক জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
১ ঘণ্টা আগে