Ajker Patrika

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ২৩
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে: শিক্ষামন্ত্রী
ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি এটি তাদের শারীরিকভাবে সুস্থ ও সক্ষম করে গড়ে তুলতে সহায়তা করে। নিজের জাতীয় ভলিবল দলের সদস্য থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষামন্ত্রীর নামে আয়োজিত মাদকবিরোধী ‘ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় কোয়া একাদশ ও মাছিমপুর একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত মাছিমপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোয়া একাদশ।

এহছানুল হক মিলন বলেন, এর আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী কিছুদিনের মধ্যেই প্রাইম মিনিস্টার কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।

২০২৭ শিক্ষাবর্ষের বই বিতরণ ও ফল প্রকাশের সময়সূচি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে শিগগির ঘোষণা দেওয়া হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ফল একই দিনে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফল প্রকাশের দিনই উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, বিএনপি নেতা নুর মোহাম্মদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী সেলিম।

এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত