Ajker Patrika

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

থানচি (বান্দরবান) প্রতিনিধি  
বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন
পর্যটনকেন্দ্র খোলা থাকার কথা জানিয়ে প্রশাসনের গণবিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকায় পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষণাসংবলিত একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দিলে জেলা ও উপজেলা প্রশাসন সতর্কতা জারি করে জানায়, সব পর্যটনকেন্দ্র আগের মতো খোলা রয়েছে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বান্দরবান জেলা প্রশাসনের নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, রুমা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বগা লেক, কেওক্রাডং, সুসমপাড়া এবং থানচি উপজেলার রাজাপাথর, নাফাখুম এলাকায় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

অসৎ উদ্দেশ্যে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত
অসৎ উদ্দেশ্যে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

ঘটনার পর আজ মঙ্গলবার বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, পর্যটনকেন্দ্র বন্ধের বিষয়ে জেলা প্রশাসন থেকে কোনো ধরনের নির্দেশনা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ‘সাজ্জাদ হোসেন’ নামে জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি থানচি সীমান্তসংলগ্ন মিয়ানমারের চিন অঞ্চলের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর অপতৎপরতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ধারণা করা হচ্ছে, ওই পরিস্থিতিকে কেন্দ্র করেই অসৎ উদ্দেশ্যে ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, বান্দরবানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা ও উপজেলাগুলোর সব পর্যটনকেন্দ্র আগের মতো খোলা আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিভ্রান্ত না হয়ে শুধু সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত