Ajker Patrika

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি
পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ
প্রতীকী ছবি

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণে যাওয়ার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে মেহেদী হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে মোংলা উপজেলার কাইনমারি গ্রামসংলগ্ন পশুর নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মেহেদী হাসান বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারসংলগ্ন গোবিন্দপুর এলাকার মো. শফিউল শেখের ছেলে। মাছ আহরণের জন্য এক মহাজনের সঙ্গে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে মোংলার সিন্দুরতলা খাল এলাকায় ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলারের একটি বহর নোঙর করে ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রলারগুলো যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় মেহেদী একটি ট্রলার থেকে উঠে পাশে দাঁড়ান। এ সময় পা পিছলে তিনি পশুর নদে পড়ে তলিয়ে যান।

সঙ্গে থাকা জেলেরা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দিনভর উদ্ধার অভিযান চালায় তারা। তবে সন্ধান না মেলায় ওই দিন রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, ‘স্থানীয়রা পশুর নদ থেকে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত