বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে মো. আল আমিন ইসলাম (৩০) নামের বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও সিম কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঁঠালতলা ফুটবল মাঠের সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আল আমিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোলদার শেখের ছেলে। তিনি বাংলালিংক ডিস্ট্রিবিউশনের খুচরা বিক্রয় কর্মকর্তা।
বাংলালিংকের এক বিক্রয়কর্মী শরিফুল ইসলাম বলেন, আল আমিন সিএনবি বাজার এলাকায় বিক্রির কাজ শেষ করে ব্যাংকে টাকা জমা দিতে শহরে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁকে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেওয়া হয়। তিনি পড়ে গেলে তাঁর কাছে থাকা নগদ টাকা ও সিম কার্ড নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউসের ব্যবস্থাপক আল মুমিন শেখ বলেন, ছিনতাইকারীরা আল আমিনকে কুপিয়ে তাঁর ব্যাগ নিয়ে যায়। ব্যাগে রিচার্জ বিক্রির টাকা ও সিম কার্ড ছিল। তবে সেখানে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সোহেলুর রহমান বলেন, আল আমিনের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









