বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে নিজ বাড়ি থেকে বর্ষা চক্রবর্তী (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের গোবিন্দ মন্দির সড়কের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্ষা চক্রবর্তী ওই এলাকার ব্যবসায়ী দিলীপ চক্রবর্তীর মেয়ে। সে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আগামী ২০২৭ সালে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ষার টেস্ট পরীক্ষা চলছিল। আজ পরীক্ষা শেষে বাড়ি ফিরে নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।









