
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় আগে থেকেই কারাগারে আছেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আজ চিন্ময়ের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে তাঁকে সংযুক্ত করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চিন্ময়ের বিচার কার্যক্রম ঘিরে সহিংসতার জেরে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান ও আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা আছে। হত্যা মামলার শুনানি আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাকি তিনটির শুনানি আগামীকাল মঙ্গলবার একইভাবে অনুষ্ঠিত হবে।
ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময়কে গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক হাঙ্গামা সৃষ্টি করেন চিন্ময়ের অনুসারীরা। তাঁকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন তাঁরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষকালে আইনজীবী আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ৩০ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময়ের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতা, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আটকের পর জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে ছেলেকে স্কুল থেকে নিয়ে স্ত্রীসহ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সালেকিন ফেরদৌস। পথে চাঁদার দাবিতে মোটরসাইকেলের গতি রোধ করে বখাটেরা। দিতে অস্বীকৃতি জানালে তারা সালেকিনের ওপর তাণ্ডব চালায়।
১৪ মিনিট আগে
জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। সেই সুপারশপেই গতকাল বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় গুলি চালায় সন্ত্রাসীরা।
৪৩ মিনিট আগে