Ajker Patrika

সার সংকটে কৃষককে গুলি, জামায়াতের মাসুদের বক্তব্যে চিফ হুইপ বললেন তখন কৃষিমন্ত্রী ছিলেন নিজামী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সার সংকটে কৃষককে গুলি, জামায়াতের মাসুদের বক্তব্যে চিফ হুইপ বললেন তখন কৃষিমন্ত্রী ছিলেন নিজামী
ফাইল ছবি

সার সংকট নিয়ে জাতীয় সংসদে আলোচনার মধ্যে কৃষককে গুলি করে হত্যার পুরোনো ঘটনা, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর কৃষিমন্ত্রিত্ব এবং ‘বট বাহিনী’ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে সার সংকট নিয়ে আলোচনায় এসব প্রসঙ্গ আসে। সার সংকট নিয়ে প্রস্তাব আনেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।

জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ সরকারের পর্যাপ্ত সার থাকার দাবির বিপরীতে মাঠপর্যায়ের সংকটের অভিযোগ তুলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করেন।

তিনি বলেন, প্রথম আলো রিপোর্ট, ন্যায্যমূল্যের চেয়েও বেশি টাকা দিয়ে সার পাচ্ছে না কৃষক। এটা জামায়াত বা বিরোধী দলের বট বাহিনীর কোনো রিপোর্ট না।

সার নিয়ে কৃষকের বিক্ষোভ, বাড়তি দাম ও অবৈধ মজুদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, ‘এই কথাগুলো কি আমরা শুধুমাত্র ফেসবুক থেকে দেখছি, গুজব? এগুলো যদি গুজব হয়, তাহলে তো এ পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত।’

সরকারের সারের মজুদের দাবি নিয়ে প্রশ্ন তুলে অতীতের কৃষককে গুলি করার প্রসঙ্গ টানেন মাসুদ। তিনি বলেন, ‘সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গুদাম ভর্তি, সরকারের সারের মজুদ, আবার সেই ২০০১ থেকে ২০০৬ সালের সিনড্রোম। এক বস্তা সারের জন্য আমার কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল।’

বর্তমান পরিস্থিতি নিয়েও সতর্ক করে শফিকুল বলেন, ‘আমরা কি বাংলাদেশকে আবার সেই কৃষকদেরকে গুলির মুখে ফেলতে চাচ্ছি? তার আগে এই সমস্যার সমাধানে আমাদের উদ্যোগ নিতে হবে না?’

পরে শফিকুল ইসলামের বক্তব্যের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন সরকারে ছিলাম, মাননীয় মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি ছিলেন কৃষিমন্ত্রী।

কৃষককে গুলি করার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সেই সময়ে কৃষকেরা গুলি খেয়েছিল। এই গুলিটার ব্যবস্থা করেছিল তৎকালীন যারা এই দেশের উৎখাত চায়, এই দেশের ধ্বংস চায়, এই দেশের সকল কিছু ধ্বংস হোক সেটা চায়, তারা করেছিল এবং সেইটাকে ফেরি করেছিল।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আজকে বিরোধীদের কাছ থেকে সেরকম একটা বক্তব্য আমরা চাই না। তারা রিয়েল সেন্সে, রিয়েলি দেশের কল্যাণ হয় এমন কিছু বলবেন, সেটা প্রত্যাশা করি।

চিফ হুইপ আরও বলেন, আমরা দুই দলই সংবেদনশীল। এই দেশে কৃষকদের বাঁচাতে চাই। কৃষকদের পাশে দাঁড়াতে চাই এবং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চাই।

পরে আলোচনায় অংশ নিয়ে শফিকুল ইসলাম মাসুদের ‘বট বাহিনী’ মন্তব্য ধরে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকে। আমি দীর্ঘদিন ছাত্ররাজনীতি করা লোক। অন্তত আজকে স্বীকার করছেন যে বট বাহিনী এবং জামায়াত অপপ্রচার করে নাই। ধন্যবাদ জানাই, যে আপনারা করতেন।

বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা আপনাদেরকে গৃহপালিত বলতে চাই না। আমরা এই সংসদ গৃহে আপনাদেরকে রাখতে চাই। আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলুন। ষড়যন্ত্র করবেন না। এইটা আমরা চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত