
রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দৌড়কে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা নদীর লালগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ফাইনাল দৌড়ের শেষ পর্যায়ে নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন নিউ শারিরভিটা নৌকার সদস্যদের ওপর হামলা চালায়। এতে প্রায় ৮০ জন মাঝি-মাল্লা বহনকারী নিউ শারিরভিটা নৌকাটি ডুবে যায়।
ঘটনার পর প্রতিযোগিতার পেছনে থাকা দৌলতদিয়া নৌ পুলিশ এবং আশপাশে থাকা অন্যান্য ট্রলারের সহায়তায় নৌকার মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়। পরে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
রাত সাড়ে ৮টা পর্যন্ত লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল ও আলাউদ্দিনসহ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১২ জন নিউ শারিরভিটা নৌকার সদস্য।
আয়োজক কমিটির সদস্য মো. গোলাম মোস্তফা দাবি করেন, ফাইনাল দৌড়ের শেষ পর্যায়ে পিছিয়ে পড়ে নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন ইচ্ছাকৃতভাবে নিউ শারিরভিটা নৌকার সদস্যদের ওপর হামলা চালান। এতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কমিটির চার সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কমিটির পক্ষ থেকে তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

নিউ শারিরভিটা নৌকার দলনেতা তৈয়ব আলী তপন বলেন, ফাইনাল দৌড়ে পিছিয়ে পড়ার পর শেষ পর্যায়ে নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন তাঁদের নৌকায় উঠে লগি-বৈঠা দিয়ে হামলা চালান। এতে তাঁদের নৌকাটি ডুবে যায় এবং অনেক মাঝি-মাল্লা আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কারও মাথা ফেটেছে, আবার কারও হাত বা পা ভেঙেছে বলে জানান তিনি।
তৈয়ব আলী তপনের ধারণা, একজন নিখোঁজ থাকতে পারেন। তবে সবাইকে এক জায়গায় জড়ো করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নৌকাটি তৈরি করতে প্রায় ১৩ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ঘটনার সময় তাঁরা ঘটনাস্থলের কাছেই ছিলেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও আশপাশে থাকা অন্যান্য নৌকার লোকজন দ্রুত সবাইকে উদ্ধার করেন। নিখোঁজের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে রাজবাড়ীর গোদার বাজারসংলগ্ন পদ্মা নদীতে তিন দিনব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
৩১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভোলেননি। তাই বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে