বাদাম-বুট আনতে ঢাকায় যাচ্ছিল শিশু, রেলসেতুতে ধাক্কায় গেল প্রাণ

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতু অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশাদ খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে ও তার বন্ধু ইয়াসিন (১৩) বিভিন্ন ট্রেন ও রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত।
রিশাদের সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন জানায়, আজ সকালে বাদাম-বুট আনার উদ্দেশ্যে তারা মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় দুজনই ট্রেনের ছাদে অবস্থান করছিল। ট্রেনটি কালীকাপুর রেলসেতু অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত জান্নাত স্পর্শ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রিশাদ নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।









