
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ এর মুখপাত্র সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও দীর্ঘদিনের নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। গতকাল রোববার বিকেলে নড়াইল সদর থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে। রিপন হত্যা মামলা ছাড়াও জামালের বিরুদ্ধে দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
র্যাব-১০ জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় জামাল পত্তনদার গুলি করে শিক্ষার্থী রিপন মণ্ডলকে হত্যা করেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করা হয়। মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামালকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
র্যাবের দাবি, মৃত্যুদণ্ড এড়াতে রায় ঘোষণার পর জামাল ভারতে পালিয়ে যান। ২০২৫ সালের ১০ আগস্ট মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
বাংলাদেশে ফেরার পর র্যাব তাঁর ওপর নজরদারি শুরু করে। একপর্যায়ে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পারে, জামাল আবারও কন্ট্রাক্ট কিলিংয়ে অংশ নিয়ে হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে র্যাব-১০ ও র্যাব-৬-এর সদস্যরা নড়াইলের কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালান। গতকাল বিকেল ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জামাল পত্তনদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

চেক প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাওনা ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় নেশা করতে বাধা দেওয়া ও পারিবারিক কলহের জেরে আবু সোমা (৩৬) নামে এক কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর অপর পায়েও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও সমাবর্তন সভাপতি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাহতুফা ইউলিপ (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকার সিঙ্গাপুর মার্কেটের একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে