
দুই দিনের সংঘর্ষের পর থমকে যাওয়া ঈদের বাজারে দোকানপাট খুলে বেচাবিক্রি শুরু করতে অপেক্ষার প্রহর গুনছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এদিকে দোকান খুলতে না পারায় ক্ষতির আশঙ্কা বাড়ছে বলে দাবি করছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে দোকানগুলোর সামনে ব্যবসায়ী ও কর্মচারীরা বসে দোকান খোলার অপেক্ষা করছেন। তাঁরা বলছেন, সকাল থেকেই তাঁরা অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায়ী সমিতি বা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দোকান খুলতে পারছেন না।
নিউমার্কেটের দোয়েল কসমেটিকসের স্বত্বাধিকারী শাহজাহান মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই আমরা দোকান খোলার অপেক্ষা করছি ৷ কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।’
শাহজাহান বলেন, ‘সামনে ঈদ। বছরের এই সময়টাতেই আমাদের বেচাবিক্রি ভালো হয়। এ সময় দোকান বন্ধ থাকায় আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে।’ ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের প্রতি সব সমস্যার সমাধান করে দ্রুত দোকান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
আজিজ ক্লথ ও বেবি শপের কর্মচারী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকে মার্কেটে এসে দোকান খোলার অপেক্ষা করছি। দোকান খুললে আমরা বেতন পাব, নইলে সারা দিন বেকার।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের কথা কেউ চিন্তা করছে না।’
এদিকে নিউমার্কেটের বন্ধ গেটের সামনে এসে অনেক ক্রেতাকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা কেনাকাটা করতে এসেছেন বলে জানা গেছে। হাজারীবাগ থেকে আসা মকবুল হোসেন বললেন, ‘গতকাল শুনেছিলাম ঝামেলা হয়েছে। আজ কিছু কেনাকাটা করতে এসে দেখি মার্কেট বন্ধ।’
মার্কেট খোলা সম্পর্কে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান খুলে দিতে আমরা চেষ্টা করছি। প্রশাসনসহ সব মহলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মার্কেট বন্ধ আছে।
এই সম্পর্কিত পড়ুন:

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
১০ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা বিশেষ বৈশিষ্ট্যের সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ঈদের পরদিন আজ শুক্রবার বিকেল থেকে চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় পরিলক্ষিত হয়।
১১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
১৪ ঘণ্টা আগে