Ajker Patrika

সর্বোচ্চসংখ্যক আসন জিতে সরকার গঠনের আশা জামায়াতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১২
সর্বোচ্চসংখ্যক আসন জিতে সরকার গঠনের আশা জামায়াতের
সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আমরা আশা করছি, বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করব, ইনশা আল্লাহ।’ আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন ভালো নির্বাচনের প্রতিশ্রুতি করেছিল। তারা তাদের প্রতিশ্রুতি রেখেছে। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন, এই চেষ্টার ফলেই বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে।’

শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনে কিছু অনিয়মের কথা তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি। তিনি বলেন, ‘কোথাও আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কোথাও নির্বাচনসংশ্লিষ্টদের হুমকি দেওয়া হয়েছে। বিষয়গুলো আমরা তাৎক্ষণিক নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।’

জুবায়ের বলেন, ‘একটি সচেতন সমাজ সব ধরনের অপচেষ্টা রুখে দিতে পারে, বাংলাদেশের মানুষ তা দেখিয়ে দিয়েছে।’ দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতাই একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে বলেও জানান তিনি।

ভোট গণনা ও ফলাফল বিষয়ে জুবায়ের বলেন, ‘গণনা ও ফলাফল যাতে সুষ্ঠু হয়, আমরা তা পর্যবেক্ষণ করব। আমরা একটু পরেই ইসিতে যাব।’ তিনি বলেন, দেশবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, কিছু ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। যেসব হামলা ও অনিয়ম হয়েছে, ইসিসহ সংশ্লিষ্ট সবার প্রতি দেখার অনুরোধ জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত