
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে পারে। তবে সেটা পাওনা টাকা ফেরত পাওয়া না কি পুরোনো পাওনাদারের ফোন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজ আপনার মেজাজ থাকবে মুঘল সম্রাটের মতো, কিন্তু পকেট থাকবে তালি দেওয়া জামার মতো। নতুন কিছু কেনার আগে অন্তত তিনবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন—‘সত্যিই কি এটা দরকার?’ বন্ধুদের সঙ্গে ভ্রমণের প্ল্যান করলে নিজের মানিব্যাগটি আলমারির গভীর কোণে লুকিয়ে রাখুন। ছোট ভাই-বোনের সঙ্গে রিমোট যুদ্ধ করতে গিয়ে টিভিটা ভেঙে ফেলবেন না। মনে রাখবেন, মেজাজ গরম হলে আপনারই এসির বিল বাড়বে।
আজ আপনার জ্যোতি চারদিকে ছড়িয়ে পড়ছে। কাজ যা-ই ধরবেন, তাতেই সফল হবেন। তবে সমস্যা হলো, সবার মন বুঝতে গিয়ে নিজের মনের হার্ডডিস্ক জ্যাম করে ফেলবেন। অফিসে বসের অদ্ভুত যুক্তিতেও তর্কে না গিয়ে বরং ‘হ্যাঁ স্যার, আপনিই তো আসল হিরো’ মোডে থাকুন। পুরোনো ঋণ শোধের সুযোগ আসবে, কিন্তু সেটা লটারির টিকিটে উড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছা জাগতে পারে—সংযত হোন! পাড়ার আড্ডায় কেউ ঝগড়া বাঁধাতে এলে কানে হেডফোন লাগিয়ে ‘নির্বাণ’ লাভ করার চেষ্টা করুন। বোবা সেজে থাকাই আজ শ্রেষ্ঠ অস্ত্র।
আজ আপনার প্রজ্ঞা দেখে আইনস্টাইন ওপার থেকে আপনাকে স্যালুট দিতে পারেন। এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যা দেখে আপনার প্রতিবেশী হিংসায় নীল হয়ে তাকাবে। তবে সাবধান, ঘরে ফিরে বাচ্চার সঙ্গে খিটখিট করবেন না, নয়তো সে আপনার প্রিয় স্মার্টফোনটাকে ক্রিকেট বল ভেবে বাউন্ডারি পার করে দিতে পারে। শেয়ার বাজারে লাভের মুখ দেখার সম্ভাবনা আছে, কিন্তু টিপস পেতে গিয়ে সব হারাবেন না। সঙ্গীর সঙ্গে সামান্য কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। ডার্ক চকলেট আর একগাল হাসি দিয়ে পরিস্থিতি সামলান। যুক্তি দিয়ে প্রেম হয় না ভাই!
চাকরিজীবীদের জন্য আজ মেঘ না চাইতেই জল! প্রোমোশন যদি নাও হয়, অন্তত বসের কড়া বকুনি থেকে আজ রেহাই পাবেন। ব্যবসা নিয়ে স্বামী-স্ত্রী মিলে নতুন কোনো ফন্দি আঁটতে পারেন, যা হয়তো ইলন মাস্ককেও টেক্কা দেবে (কল্পনায়)। তবে সাবধান, অতিরিক্ত দুশ্চিন্তা করে মাথার মূল্যবান চুল আর হজম শক্তি—দুটাই খোয়াবেন না। আজ একটু শসা আর ডাবের পানি খান, পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকবে। আজ সেই বন্ধুটিকে টাকা ধার দেবেন না যে সব সময় ‘ভাই পরে দিচ্ছি’ বলে গায়েব হয়ে যায়। ওই টাকা ফেরত পাওয়ার আশা আর পুনর্জন্মের আশা একই কথা।
আজ আপনার ক্যারিয়ারের গ্রাফ স্রেফ রকেটের মতো ওপরে উঠবে। সবাই সামনে সুনাম করবে, কিন্তু পেছনে গিয়ে একটু হিংসা করাটা তাদের জন্মগত অধিকার। বাড়িতে অনাহূত অতিথির আগমন হতে পারে, তাই ফ্রিজে বিস্কুট আর চা-পাতা মজুত রাখুন। বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। পুরোনো কোনো সুপ্ত ইচ্ছা আজ হুট করে পূরণ হতে পারে—হয়তো সেই পছন্দের দামি রেস্টুরেন্টে ডিনারের নিমন্ত্রণ! রাগের মাথায় প্রিয়জনকে এমন কোনো মেসেজ পাঠাবেন না যা পরে ডিলিট করলেও মনের ক্ষত মুছবে না। আঙুল চালানোর আগে মগজ চালান।
আজ কথা কম আর কাজ বেশি করুন। আপনার সামান্য রসিকতাও আজ অন্যের কানে মহাভারত হয়ে ধরা দিতে পারে। শেয়ার ব্যবসায় লাভের সুযোগ থাকলেও বিকেলের দিকে কোনো কাছের মানুষ আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা খসাতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা লবণের বদলে সঙ্গীর প্রেমের দিকে মনোযোগ দিন। নতুন চাকরির অফার লেটার আজ আপনার ইনবক্সে উঁকি দিতে পারে। বিয়ের ফুল ফুটেও ফুটছে না এমন দশা হলে আজ অন্তত একটা নতুন গোলাপ কিনে নিজেকেই উপহার দিন। আত্মপ্রেমই শ্রেষ্ঠ প্রেম।
আজ আপনার দিনটি বেশ রাজকীয় কাটবে। কোনো পুরোনো বন্ধু হুট করে আপনার আটকে থাকা টাকা ফেরত দিয়ে চমকে দিতে পারে। নতুন গাড়ি বা গ্যাজেট কেনার ইচ্ছা প্রবল হবে, তবে ট্রাফিক জ্যাম আর মাসের শেষের পকেটের হালটাও মাথায় রাখবেন। সঙ্গীর সঙ্গে আজ খুব মধুর সময় কাটবে, যদি না আপনি রান্না নিয়ে কোনো নেতিবাচক কমেন্ট করেন। আত্মীয়রা আপনার খরচ বাড়াতে আজ বিশেষ ভূমিকা নিতে পারে। ফোনটা সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে রাখলে কেমন হয়?
আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়ায় থাকবে। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের এমন টক্কর দেবেন যে তারা আপনার অটোগ্রাফ নিতে চাইবে। তবে যৌথ ব্যবসায় পার্টনারের ওপর অন্ধবিশ্বাস করবেন না, মাঝে মাঝে ক্যাশবাক্সটা চেক করা ভালো। প্রেমের ক্ষেত্রে আজ আপনার আকর্ষণ ক্ষমতা চুম্বকের মতো। তবে অপরিচিত কারও দুর্দান্ত অফার শুনে জমানো টাকা বিনিয়োগ করতে যাবেন না। রাস্তার ধারের ঝালমুড়ি বা ফুচকা দেখে জিভে পানি এলেও আজ একটু সংযত থাকুন, নয়তো বাথরুমই হবে আপনার আজকের আসল ঠিকানা।
সারা দিন কাজের চাপে স্রেফ চিঁড়েচ্যাপ্টা হয়ে যেতে পারেন। কিন্তু ভয় পাবেন না, এই খাটুনির ফল ভবিষ্যতে বেশ মিষ্টি হবে। আইনি কোনো জটিলতায় ভুগলে আজ বড় কোনো জয়ের খবর আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বন্ধুদের পরামর্শ একদম নেবেন না, কারণ তাদের নিজেদের লাভ-লাইফই মরুভূমির মতো শুকনো! কোনো কাগজে সই করার আগে চশমাটা ভালো করে মুছে নেবেন। অফিসে বসের সামনে বেশি পণ্ডিতি দেখাতে যাবেন না, মনে রাখবেন—বস ইজ অলওয়েজ রাইট (এমনকি ভুল হলেও)।
যাঁরা লিডারশিপ রোলে আছেন, তাঁরা আজ খুব সাবধানে পা ফেলুন। একটা ভুল সিদ্ধান্ত আর আপনার সাজানো বাগান শুকিয়ে যেতে পারে। বুদ্ধিমতী স্ত্রীর বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন, নিজে ‘সবজান্তা গামছাওয়ালা’ হতে যাবেন না। পরিবারে শান্তি থাকবে, কিন্তু বিকেলের দিকে কোনো পুরোনো গ্যাসট্রিকের ব্যথা আপনার শান্তির বিঘ্ন ঘটাতে পারে।
আজ আপনার আয়ের নতুন দরজা খুলে যেতে পারে। কেউ আপনাকে হুট করে কোনো ব্যবসায়িক আইডিয়া দেবে যা শুনলে মনে হবে ‘আরে, এটা আমি আগে কেন ভাবিনি!’ সহকর্মীদের সঙ্গে টিমওয়ার্ক করুন, একা সব ক্রেডিট নিতে গেলে কিন্তু লেজেগোবরে হবে। নীল বা বেগুনি রঙের পোশাক আজ আপনার চার্ম বাড়িয়ে দেবে। সৃজনশীল কাজে আজ জাতীয় পুরস্কার না পেলেও পাড়ার লোকের বাহবা নিশ্চিত পাবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ক্ষুধার্ত প্রাণীকে বা মানুষকে কিছু খাওয়ালে গ্রহের কোপ কমতে পারে।
আজ কাঙ্ক্ষিত ফল পেতে হলে আক্ষরিক অর্থেই গাধার খাটুনি খাটতে হবে। বাড়িতে স্ত্রীর পছন্দের কোনো কাজ (যেমন ঘর পরিষ্কার বা বাসন মাজা) করলে দিনটি বেহেশতের মতো কাটবে, নয়তো কুরুক্ষেত্রের রণধ্বনি শুনতে পাবেন। সম্পত্তির ঝামেলা আজ মিটে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে নক্ষত্ররা। নতুন কোনো বড় পরিকল্পনার ব্লু-প্রিন্ট আজ তৈরি করে ফেলুন। স্ত্রীর রান্না আজ যেমনই হোক, অন্তত একবার বলুন—‘তুমি তো দেখি মাস্টারশেফকেও হার মানাবে!’ শান্তি বজায় রাখার এটাই সস্তা উপায়।

ফ্রিজে কাঁচা আম থাকলে একটু ভিন্নভাবে মলা মাছ রান্না করতে পারেন। আপনাদের জন্য টক-ঝাল মলা মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: মলা মাছ আড়াই শ গ্রাম, কাঁচা আম একটি, টমেটো চার থেকে পাঁচটি, পেঁয়াজকুচি আধা কাপ, চার-পাঁচটি কাঁচা মরিচ ফালি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল চার...
২৬ মিনিট আগে
সকালে ঠিকভাবে খাওয়ার পরেও শরীরে শক্তির ঘাটতি দেখা দিতে পারে। এমন হলে বুঝতে হবে, সকালের খাবার ঠিক হচ্ছে না। সে জন্য খাবার বদলে নিলে উপকার পাওয়া যেতে পারে। দিন শুরুর শক্তি দেবে এমন ৬টি খাবারের তালিকা রইল এখানে। এসব খাবার নিয়মিত খেলে উপকার পাওয়া যাবে।...
২ ঘণ্টা আগে
চলতি সময়ে এসে বিউটি পারলার বা স্যালনে নারী কিংবা পুরুষ কে না যায়? ঘরোয়া রূপচর্চায়ও আজকাল পুরুষের না নেই। যাঁরা আজও পুরুষের রূপচর্চা নিয়ে মুখ টিপে হাসেন, তাঁরা জেনে রাখুন; স্বয়ং রবীন্দ্রনাথও রূপচর্চা করতেন! শুধু কি তাই? ঠাকুরবাড়িতে ঘটা করে রূপচর্চা করতেন বাড়ির প্রত্যেক সদস্য।
১ দিন আগে
গ্রীষ্মের সকাল তখন পুরোপুরি তীব্র হয়ে ওঠেনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে দিনের শুরুটা হতো সংযত ছন্দময়। এই সময়ের জলখাবার কখনোই ভারী নয়; বরং এমনভাবে সাজানো, যাতে শরীর ধীরে ধীরে দিনের গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে।
১ দিন আগে