Ajker Patrika

ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক

ফিচার ডেস্ক, ঢাকা 
ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক
প্রতি বৃহস্পতিবার দুপুরের খাবারের পর পরিবারের সবাই প্যানকেক খেয়ে থাকেন। ছবি: ফুড অ্যান্ড জার্নিস

সুইডেনে বহু বছর ধরে চলে আসছে একটি মজার রীতি। প্রতি বৃহস্পতিবার দুপুরের খাবারের পর পরিবারের সবাই প্যানকেক খেয়ে থাকেন। এটি সাধারণত ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয়। আবার অনেকে বিকেলের হালকা নাশতা হিসেবেও এটি উপভোগ করেন। সুইডেনে প্যানকেক আসলে ‘পানকাকোর’ নামে পরিচিত।

সুইডেনে প্যানকেক দেখতে অনেকটা আমেরিকান প্যানকেক ও ফরাসি ক্রেপের মাঝামাঝি ধরনের হলেও এতে বেকিং পাউডার ব্যবহার করা হয় না। এ কারণে এটি ফুলে ওঠে না। বরং পাতলা এবং হালকা মুচমুচে হয়। এটি তৈরি করা খুব কঠিন কিছু নয়। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন এই জনপ্রিয় খাবারটি।

উপকরণ

১ কাপ ময়দা, ৩টি ডিম, ২ টেবিল চামচ মাখন, আড়াই কাপ ফুলক্রিম দুধ, সামান্য লবণ এবং পরিবেশনের জন্য পছন্দমতো ফল বা জ্যাম।

সুইডেনের প্যানকেক দেখতে অনেকটা আমেরিকান প্যানকেক ও ফরাসি ক্রেপের মাঝামাঝি। ছবি: ফুড অ্যান্ড জার্নি
সুইডেনের প্যানকেক দেখতে অনেকটা আমেরিকান প্যানকেক ও ফরাসি ক্রেপের মাঝামাঝি। ছবি: ফুড অ্যান্ড জার্নি

প্রণালি

প্রথমে একটি বাটিতে ময়দা ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে অল্প অল্প করে দুধ ঢেলে নাড়তে থাকুন যেন ব্যাটারে কোনো দলা না থাকে। এবার ফেটানো ডিম মিশিয়ে আরও একবার ভালোভাবে নাড়ুন। তারপর মিশ্রণটিকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

মাঝারি আঁচে একটি নন-স্টিক ফ্রাইপ্যান গরম করে তাতে ব্রাশ দিয়ে সামান্য মাখন মেখে নিন। প্যানে এক কাপের ৪ ভাগের ১ ভাগ ব্যাটার ঢেলে প্যানটি হালকা ঘুরিয়ে নিন। এতে ব্যাটার সমানভাবে ছড়াবে। প্রতি পাশ ২ থেকে ৩ মিনিট ধরে সোনালি রং করে ভেজে নিন। এভাবে বাকি ব্যাটার দিয়ে একই নিয়মে সব প্যানকেক বানিয়ে নিন।

সবশেষে গরম-গরম প্যানকেকগুলো পরিবেশন করে নিন পছন্দের কোনো ফলের জ্যামের সঙ্গে।

সূত্র: ফুড অ্যান্ড জার্নিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত