
হাতের স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে এখন আমাদের ঘাড় গুঁজে থাকার অভ্যাস হয়ে গেছে। তবে প্রযুক্তিবিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এখন সম্পূর্ণ ভিন্ন এক ভবিষ্যৎ দেখছেন। তাঁরা এমন এক পৃথিবী গড়তে চান, যেখানে মানুষকে আর সারাক্ষণ ‘কাচের চারকোনা বাক্সে’র দিকে তাকিয়ে থাকতে হবে না। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে আমাদের চোখের চশমা ও কানের এয়ারপড। প্রযুক্তি জগতের এই নতুন হাওয়া দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি এবার শেষ হতে চলেছে সাধারণ চশমা বা সানগ্লাসের যুগ?
সাম্প্রতিক কিছু প্রযুক্তিগত উদ্ভাবন এই ধারণাকে প্রবল করে তুলছে। যেমন, স্ন্যাপচ্যাট নির্মাতা প্রতিষ্ঠান স্ন্যাপ সম্প্রতি তাদের নতুন এআই-চালিত স্মার্ট চশমা স্পেক্স উন্মোচন করেছে। ২ হাজার ১৯৫ ডলার মূল্যের এই চশমা কোনো মোবাইল ফোন ছাড়াই স্বাধীনভাবে চলতে পারে। এটি চোখের সামনে কৃত্রিম এক পর্দা তৈরি করে। সেই পর্দা আপনার চারপাশের বাস্তব জগতের ওপর ডিজিটাল তথ্য ফুটিয়ে তোলে। একইভাবে মেটা বাজারে এনেছে সাশ্রয়ী মূল্যের স্মার্ট চশমা। আনার পরপরই লাখ লাখ কপি বিক্রি হয়েছে এটি। এমনকি অ্যাপল আগামী বছর এমন এয়ারপডস আনার প্রস্তুতি নিচ্ছে, যাতে থাকবে ইন-বিল্ট ক্যামেরা। এই ক্যামেরা ছবি তোলার জন্য নয়, বরং চারপাশের পরিবেশ দেখে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে তথ্য দেবে, যাতে স্ক্রিনের দিকে না তাকিয়ে আপনি সব কাজ করতে পারেন।
এই প্রযুক্তি আমাদের জীবনকে দুইভাবে বদলে দিতে পারে। ইতিবাচক দিক থেকে দেখলে, এটি মানুষের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক আরও সহজ ও মানবিক করবে। আপনি ফ্রিজ খুললেই চশমা বা এয়ারপডের ক্যামেরা ভেতরের উপাদান দেখে রেসিপি বলে দেবে, পথচলার সময় চোখের সামনে নেভিগেশন ভেসে উঠবে। অর্থাৎ, চারপাশের বাস্তব জগৎ থেকে চোখ না সরিয়েই কম্পিউটারের সব কাজ করা যাবে। তবে এর একটি অন্ধকার দিকও রয়েছে, যা এক নতুন ডিস্টোপিয়া বা দুঃস্বপ্নের জন্ম দিতে পারে। প্রথমত, ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন। স্মার্ট চশমার গোপন ক্যামেরা দিয়ে অজান্তেই অন্যের ছবি বা ভিডিও রেকর্ড করার বিতর্ক এরই মধ্যে শুরু হয়েছে। দ্বিতীয়ত, স্ক্রিন থেকে মুক্তি পাওয়ার বদলে এটি আমাদের আরও বেশি প্রযুক্তিনির্ভর করে তুলতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, স্মার্টফোন সমাজ থেকে এত সহজে হারিয়ে যাবে না। বরং ভয়টা এখানেই, যে সময়টুকু আমরা মোবাইল ফোনের স্ক্রিন থেকে দূরে থাকতাম, এখন স্মার্ট চশমা বা এয়ারপডের মাধ্যমে সেই সময়টাও প্রযুক্তির দখলে চলে যাবে।

প্রযুক্তিশিল্প আমাদের মাথা উঁচু করে পৃথিবী দেখতে উদ্বুদ্ধ করতে চায়। কিন্তু সাধারণ চশমার দিন শেষ করে এই ‘স্ক্রিনহীন’ চশমা আমাদের জীবনে আশীর্বাদ আনবে, নাকি সার্বক্ষণিক নজরদারির ফাঁদ তৈরি করবে, তা সময়ই বলে দেবে।
সূত্র: বিবিসি

মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
১৪ ঘণ্টা আগে
স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
২০ ঘণ্টা আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
২১ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
২১ ঘণ্টা আগে