
সারা দেশে পাঁচ হাজার অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসকদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পরিবেশ মন্ত্রণালয় এসব কথা জানায়।
এই অধিবেশনে অংশগ্রহণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। এ সময় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, গেজেটভুক্ত বনভূমিসমূহ বন বিভাগের নামে রেকর্ডভুক্তকরণ, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং বেদখলকৃত বনের জায়গা উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়াসহ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় শিল্পকারখানা স্থাপন না করার বিষয়ে আলোচনা করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সারা দেশে ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৯৭। এর মধ্যে বৈধ ইটভাটা ২ হাজার ৮০৫ ও অবৈধ ইটভাটা ৫ হাজার ৯২টি। এই অবৈধ ইটভাটা বন্ধ করতে জেলা প্রশাসকদের উদ্যোগ নিতে হবে। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরিবেশ ও জলাশয়দূষণ বন্ধ করতে মন্ত্রণালয়ের পাশাপাশি জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতা খুবই জরুরি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের যেকোনো পরিকল্পনা বা কার্যক্রম মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। জেলাপর্যায়ের কর্মকর্তাদের সহায়তা ছাড়া এসব উদ্যোগ কার্যকর করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্পায়ন ও নগরায়ণের ফলে পানি, বায়ু এবং শব্দদূষণ বাড়ছে। এ ছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বন্যা, খরাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পরিবেশ সংরক্ষণে বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি হলো—আগামী পাঁছ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা। এই কর্মসূচির আওতায় উপকূলীয় অঞ্চল, সড়ক ও মহাসড়কের পাশ, নদী ও খালপাড়, বিভিন্ন প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং নগরাঞ্চলে বনায়ন করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে জীববৈচিত্র্য, বন ও বন্য প্রাণী সংরক্ষণকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন’, ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন’ এবং ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন’ পাস করে গেজেট জারি করা হয়েছে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর আওতায় দেশের গুরুত্বপূর্ণ ১৩টি এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জনসাধারণের সচেতনতার অভাবে এসব এলাকা হুমকির মুখে পড়ছে, তাই সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এই এলাকাগুলোয় নজরদারি নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে। আগামী প্রজন্মের জন্য একটি টেকসই বাংলাদেশ গড়তে এবং প্রাকৃতিক প্রতিবেশ ও পরিবেশ রক্ষায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব, উপসচিব, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সচিবসহ আরও অনেকে।

রাজধানীতে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ বুধবার (৬ মে) ঢাকায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায় এ চিত্র দেখা যায়।
৮ ঘণ্টা আগে
ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
১০ ঘণ্টা আগে
চলতি মে মাসজুড়ে তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় ও সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটির নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে...
১ দিন আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
১ দিন আগে