
দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ১০ হাজার বই সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তাঁর নামে একটি বিশেষ কর্নার বা পৃথক গ্রন্থাগার প্রতিষ্ঠা করে বইগুলো সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) বিকেলে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে আবদুল হাই শিকদারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী, ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, এটি শুধু একজন ব্যক্তির বইয়ের সংগ্রহ নয়, দেশের জ্ঞান ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ সম্পদ। যথাযথ সংরক্ষণ, তালিকাভুক্তকরণ এবং পর্যায়ক্রমে ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে বইগুলো ভবিষ্যৎ প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ডিসেম্বরের মধ্যে বইগুলো সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
ড. মামুন আহমেদ বলেন, এই উদ্যোগ ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত গ্রন্থ সংরক্ষণের একটি অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা দুর্লভ ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত গ্রন্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সংরক্ষণে ইউজিসি নীতিগত সহায়তা দেবে। শুধু বই সংরক্ষণ করলে হবে না, দুর্লভ গ্রন্থগুলো ডিজিটাল আর্কাইভসেও সংরক্ষণ করতে হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের গবেষক ও পাঠক সহজে সেগুলো ব্যবহার করতে পারেন।
আবদুল হাই শিকদার বলেন, তাঁর সংগ্রহে বাংলা ভাষা ও সাহিত্য, বিশ্ব ইতিহাস, গবেষণা, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, শিশুসাহিত্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই রয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার বই দ্রুত সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক বই বর্তমানে বাজারে পাওয়া যায় না। সংগ্রহের একটি অংশ তিনি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেয়েছেন। বাকি বই কয়েক দশক ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছেন।
ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত গ্রন্থ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে আবদুল হাই শিকদার ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর গ্রন্থাগারের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, সংরক্ষণের অভাবে ড. মুহাম্মদ শহীদুল্লাহর সংগ্রহের বহু দুর্লভ বই একসময় ভাঙারির দোকানে বিক্রি হয়ে যায়। এমনকি তাঁর গ্রন্থাগারের জায়গায় তেলের ঘানির দোকান গড়ে ওঠে। এই ধরনের ঘটনা দেশের জ্ঞান-ঐতিহ্যের জন্য বড় ক্ষতি। তাই ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত গ্রন্থ সংরক্ষণে প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন।
আবদুল হাই শিকদার আরও বলেন, ইউজিসির সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান তাঁর ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত গ্রন্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন। সেই অনুপ্রেরণায় তিনি নিজের সংগ্রহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দিতে চান।
আবদুল হাই শিকদার জানান, তাঁর গ্রামের বাড়ি রংপুর বিভাগে। সেই বিবেচনায় তিনি তাঁর ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত গ্রন্থ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দান করতে চান, যাতে এই অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা বইগুলো ব্যবহার করতে পারেন।
বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবদুল হাই শিকদারের নামে একটি বিশেষ কর্নার বা পৃথক গ্রন্থাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। এতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সমৃদ্ধ হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৭ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে