
চট্টগ্রাম কাস্টমসের সার্ভার হ্যাক করে কয়েক কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট খালাসচেষ্টার আলোচিত মামলায় অভিযুক্ত এক হ্যাকারকে নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সেজান। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতারণার সাতটি মামলা রয়েছে।
আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, গত বুধবার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ সেজানকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাঁকে চট্টগ্রামে আনা হয়। সেজানের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়।
পুলিশ জানায়, ২০২৪ সালে চীন থেকে বন্ড সুবিধায় ফ্যাব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ এবং ৫০ লাখ শলাকা সিগারেট চট্টগ্রাম বন্দরে আনা হয়। পরে একটি দেশি-বিদেশি সংঘবদ্ধ চক্র জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন চট্টগ্রাম কাস্টমসের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে’ অবৈধভাবে প্রবেশ করে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার এসব পণ্য খালাসের চেষ্টা চালায়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ও ২ ডিসেম্বর বন্দর থানায় কাস্টমস কর্তৃপক্ষ দুটি মামলা করে, যা বর্তমানে তদন্তাধীন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ সেজান স্বীকার করেছেন যে, তথ্যপ্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে তিনি কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং চট্টগ্রাম বন্দরের পোর্টালের নিরাপত্তার দুর্বলতার সুযোগ নেন। তিনি কাস্টমসের এক কর্মকর্তার ইউজার আইডি অননুমোদিতভাবে ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন এবং পুরো প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিয়েছেন।
ফয়সাল আহম্মেদ আরও জানান, এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আশরাফ হোসেন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও শেখ সেজানের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছিলেন। তদন্তে নাম আসার পর তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হলেও তখন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মামলাটিতে এর আগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান খালেদ হোসেন মামুন, প্রতিষ্ঠানটির কর্মচারী বাকির হোসেন এবং সংঘবদ্ধ চক্রের সদস্য খোরশেদ আলম রিপন, মিজান, খায়েজ আহমেদ, রাজু ও আশরাফ হোসেন।
ডিজিটাল আলামত বিশ্লেষণে পুলিশ জানতে পেরেছে, ২০২৪ সালের ২০ মে একটি মোবাইল অপারেটরের ইন্টারনেট ব্যবহার করে কাস্টমসের এক কর্মকর্তার ইউজার আইডি দিয়ে সার্ভারে প্রবেশ করা হয়। পরে একই আইডি ব্যবহার করে এলজি-জিআই নিবন্ধন ও ওপেনিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল।
পুলিশ আরও জানায়, শেখ সেজান ও তাঁর সহযোগীরা অতীতে সরকারি বিভিন্ন ওয়েবসাইট ক্লোনিং, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের রসিদ, জন্মনিবন্ধন, টিকা সনদসহ বিভিন্ন সরকারি ডিজিটাল নথি জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১২ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩৭ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে