
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদসহ পৃথক দুটি হত্যাকাণ্ড ও একটি হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন দিদার আলম (৩০), আফসার মিয়া (৩০), দিদারুল আলম (৪৭), মো. বোরহান ও মো. রনি।
নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গত ১৩ জুন রাউজান থানাধীন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা, ১০ জুলাই হাটহাজারী মডেল থানাধীন মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকায় মুহাম্মদ নুরুল আজিম হত্যা এবং ৩০ জুলাই জোরারগঞ্জ থানায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, রাউজান থানার পাহাড়তলী এলাকায় বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ নিবিড় তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় নিশ্চিত করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় শীর্ষ সন্ত্রাসীর একটি চক্রের দুই সহযোগী দিদার আলম ও আফসার মিয়াকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনেই রাউজান উপজেলার শমসেরনগর গ্রামের বাসিন্দা। এ সময় তাঁদের কাছ থেকে ম্যাগাজিনসহ ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি দিদার আলম। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ মোট ১০টি মামলা রয়েছে। আফসার মিয়ার বিরুদ্ধে একই ধরনের মোট ৬টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশ সুপার। তাঁর ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের ঘনিষ্ঠ সহযোগী।
নিহত মাকসুদুল হক চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগী এলাকার বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। হত্যাকাণ্ডের সময় তিনি রাউজান থানাধীন পাহাড়তলী এলাকায় ছিলেন।
হাটহাজারী মডেল থানার হত্যা মামলার বিষয়ে পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই মেখল ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে মুহাম্মদ নুরুল আজিমকে (৪৮) প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি দিদারুল আলম দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অনুসন্ধানের পর তাঁর অবস্থান শনাক্ত করে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন গাদাবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপারের ভাষ্য, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দিদারুল জানিয়েছে নিহত আজিমের সঙ্গে তাঁর জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।”
গত ৩০ জুলাই জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নে মো. নাজিমকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মো. বোরহান ও মো. রনিকে গ্রেপ্তারের কথাও জানান পুলিশ সুপার। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ওয়ার্কশপ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

হিরাকে (২০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়...
৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়া-ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন দেড় শ থেকে দুই শ রোগী হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। আজ সোমবার ৩২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৬৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১১০।
৩ মিনিট আগে
ঢাকায় বিআইজিডির এক সম্মেলনে মাহফুজ আলম প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন, বৈশ্বিকভাবে ইসলামিজম পোস্ট-ইসলামিজমের দিকে গেলেও বাংলাদেশে নির্বাচনের আগে কেন পোস্ট-ইসলামিজম আবার ‘জামায়াতের কোলে’ উঠল। সম্মেলনে গণতন্ত্র, ২০২৬ নির্বাচন, রাজনৈতিক দল ও নারীর অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।
৫ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। গেল অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দের এ অর্থ উত্তোলন করা হয় গত জুন মাসে। কাগজে-কলমে কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা উত্তোলন হলেও বাস্তবে কিছুই হয়নি।
৮ মিনিট আগে