Ajker Patrika

সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২৭ জুন ২০২৬, ২০: ১৩
সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ
সিরাজগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে তাঁতকল মালিক ও শ্রমিকদের বিক্ষোভ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তাঁতকল মালিক ও শ্রমিকেরা। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তাঁরা।

শনিবার দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষ্মীকোলা এলাকা থেকে তাঁতকলের মালিক ও শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তাঁতকলের মালিক ও শ্রমিকেরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ-সরবরাহের কারণে তাঁতকলের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় তাঁত বন্ধ রাখতে হচ্ছে। এতে তাঁতকলের মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং শ্রমিকদের কাজও কমে যাচ্ছে।

পূর্ব লক্ষ্মীকোলা এলাকার তাঁতকল মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে মো. মোত্তাকি বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ে আমাদের তাঁতকলের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। অর্ডারের কাজ সময়মতো শেষ করা সম্ভব হচ্ছে না। এতে মালিক ও শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, বিদ্যুতের সমস্যায় শুধু তাঁতকল নয়, সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. নিজামুল ইসলাম বলেন, ‘মালিক ও শ্রমিকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। তাঁতকলের সংযোগ লাইনটি অনেক পুরোনো হওয়ায় অধিকাংশ সময় নানা ধরনের ত্রুটি দেখা দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত