
বর্ষা মৌসুমে সাতক্ষীরার পাটকেলঘাটার নৌকাপল্লিতে নৌকা বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। কারিগরদের কাজের ব্যস্ততা, ক্রেতাদের আনাগোনা, দর কষাকষিতে মুখর হয়ে উঠছে এই এলাকা।
সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারে পাটকেলঘাটা বাজারের মজুমদার পেট্রল পাম্প থেকে বলফিল্ড পর্যন্ত সারি সারি নৌকার কারখানা। সেখানে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। কেউ করাত দিয়ে কাঠ কাটছেন, কেউ হাতুড়ি দিয়ে পেরেক বসাচ্ছেন। নৌকাপল্লিতে পাল তোলা, কোশা, ডিঙ্গি, ট্রলার সব ধরনের নৌকা তৈরি হয়। কাঠ ও নৌকা তৈরির মান এবং শৈল্পিক সৌন্দর্যের কারণে পাটকেলঘাটার নৌকার কদর দেশের দক্ষিণাঞ্চলে রয়েছে।
নৌকা কারখানার মালিকেরা জানান, এখানে ১৪টি নৌকা তৈরির কারখানা রয়েছে। দেড় শতাধিক কারিগর নৌকা তৈরির এই শিল্পের সঙ্গে জড়িত। ১৬ হাত একটা নৌকা তৈরি করতে কাঠ, মিস্ত্রিসহ আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয় ১৮ হাজার টাকা। বিক্রি ২০ হাজার থেকে ২১ হাজার টাকায়। ১৮ হাত একটি নৌকা তৈরি করতে খরচ হয় ২০ হাজার থেকে ২২ হাজার টাকা। আর তা বিক্রি হয় ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকায়। ১২ হাত একটা নৌকা বিক্রি হয় ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা। ১২ হাত একটি নৌকা তৈরিতে খরচ হয় হাজার দশেক টাকা। সুতরাং লাভ খুব বেশি হয় না।
সাতক্ষীরা জেলার চারটি উপজেলাসহ পাশের যশোর ও খুলনার অনেক উপজেলা বছরে ৬ মাস জলাবদ্ধ থাকে। এসব এলাকার লোকজনের চলাচলের জন্য নৌকাই ভরসা। সে কারণে পাটকেলঘাটা নৌকাপল্লির নৌকার চাহিদা রয়েছে।
মেসার্স ঐশী নৌকা কারখানার মালিক শেখ আনোয়ার হোসেন বলেন, ‘বর্ষা মৌসুম চলছে। আমাদের কেনা-বেচাও বেশ শুরু হয়েছে। আমরা নৌকা তৈরি করছি খৈ, মেহগনি, চন্দন কাঠ দিয়ে। এগুলো খুবই ভালো মানের কাঠ। যুগ যুগ ধরে ব্যবহার করলেও এসব কাঠ দিয়ে তৈরি নৌকার কিছু হবে না।’
কারিগর ইমন রহমান বলেন, ‘ছোটখাটো একটি নৌকা তৈরি করতে তিনজন কারিগরের দুই দিন সময় লাগে। নৌকাপ্রতি মজুরি পাওয়া যায় ৫ হাজার টাকা। এ দিয়ে কারিগরদের কোনোরকমে দিন গুজরান হয়।’
যশোরের কেশবপুর উপজেলার শ্রীমন্তকাটি গ্রাম থেকে নৌকা কিনতে এসেছেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘আমাদের এলাকা পানিতে ডুবে থাকে প্রায় ৭ মাস। আমাদের এলাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ও হাট-বাজার করতে নৌকার বিকল্প নেই। তাই নৌকা কিনতে পাটকেলঘাটায় এসেছি। খই কাঠের একটি নৌকা ২৪ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি।’
কারখানার মালিক আক্তারুজ্জামান বিশ্বাস বলেন, ‘নৌকা ব্যবসাতে লাভ যেমন মোটামুটি আছে, সংকটও আছে। প্রথমত সংকট হলো, পাকা কাঠ পাওয়া অনেক সময় দুষ্কর হয়ে যায়। বিশেষ করে পাকা খই ও চম্বল কাঠ পাওয়া বেশ কঠিন। আর দ্বিতীয়ত হলো, আমরা পুঁজি ও প্রশিক্ষণের সংকটে ভুগি। আমরা যদি বিসিক থেকে কারিগরি প্রশিক্ষণ পেতাম এবং স্বল্প সুদে ঋণ পেতাম, তাহলে হয়তো ব্যবসায় টিকে থাকতে পারতাম।’
নৌকাশিল্পের সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরার বিসিক উপব্যবস্থাপক গৌরব দাস।
তিনি বলেন, ‘বিসিক উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। পাটকেলঘাটায় একটি নৌকাপল্লি রয়েছে। আমরা তাদের অনেককেই নিবন্ধিত করেছি। বাকিদেরও নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘বিসিক বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেয়। ভবিষ্যতে আমরা তাঁদের প্রশিক্ষণ দেব। এ ছাড়া তাঁদের আবেদনের প্রেক্ষিতে স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়ে আমরা সুপারিশ করব।’

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
৬ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
৭ ঘণ্টা আগে