
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় নতুন করে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার বিকেলে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় চন্দ্র দাস ও বড় ভাই পার্থ দাস।
ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর কয়েক দিন ধরে বিনয় চন্দ্র ও পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আসতে বলা হচ্ছিল। তবে তাঁরা এতে সাড়া দেননি। আজ শনিবার বিকেলে পুলিশ তাঁদের আনতে গেলে পার্থ দাস ঘরের ভেতরে অবস্থান নেন। পরে দুজনকেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির কর্মকর্তারা বলছেন, চার হত্যাকাণ্ডে তাঁদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আমরা তাঁদের বাসায় গিয়ে বলে এসেছিলাম, আপনারা একটু আসেন; আপনাদের জিজ্ঞাসাবাদ করব। কিন্তু তাঁরা আসেননি। তাঁরা বারবার বলেছেন, আমরা কেন যাব। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁরা এখন আমাদের কাছে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তাঁদের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে সনাতন চক্রবর্তী বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদ করব। বাড়ির সঙ্গে বাড়ি, তাঁর ছেলে ঘটনায় দোষ স্বীকার করেছে। আমরা তাঁর জিজ্ঞাসাবাদ করব, তারপর সিদ্ধান্ত।’
এদিকে চার হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানতে আজ ঘটনাস্থলে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন ‘খবরের কাগজ’-এর রংপুর জেলা প্রতিনিধি সেলিম সরকার। তাঁর অভিযোগ, বিকেলে তিন সহকর্মীর সঙ্গে ঘটনাস্থলে যাওয়ার পর পাশের বৈরাগীপাড়া এলাকায় পার্থ দাস তাঁর মোটরসাইকেল আটকে চাবি নিয়ে নেন। পরে আশপাশের লোকজনকে ডেকে তাঁকে হেনস্তা করা হয়।
সেলিম সরকার বলেন, পার্থ দাস তাঁকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় লোকজন জড়ো করেন। একপর্যায়ে তাঁর ব্যাগে সন্দেহজনক কিছু রয়েছে বলেও দাবি করা হয়। পরে ঘটনাস্থলে ডিবির সদস্যরা গিয়ে তাঁর ব্যাগ খুলে দেখেন। সেখানে সাংবাদিকতার কাজে ব্যবহৃত জিনিসপত্র ছাড়া সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় সংবাদকর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ করেন। প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী আলমগীর হোসেন বলেন, পার্থ দাস স্থানীয় লোকজনকে জড়ো করে সাংবাদিক সেলিম সরকারকে হেনস্তা করেন। কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পার্থ দাস তাঁদের সঙ্গে রাগারাগি করেন।
ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিক সেলিম সরকারকে আটক করে হেনস্তা করা হয়েছে। পরে ডিবির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাঁর ব্যাগ খুলে দেখেন। ব্যাগে সাংবাদিকের ব্যবহৃত জিনিসপত্র ছাড়া আর কিছু পাওয়া যায়নি।’
কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি বলেন, হত্যাকাণ্ডের প্রথম দিন থেকেই পার্থ দাস ও তাঁর বাবা বিনয় দাস বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁদের বক্তব্যের অসংগতির বিষয়ে জানতে চাইলে তাঁরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।
সাংবাদিককে হেনস্তার অভিযোগের বিষয়ে ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মাছুয়াপাড়ায় গত সপ্তাহে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনাপ্রবাহ নিয়ে পুলিশের বক্তব্যে বিভিন্ন সময়ে পরিবর্তন আসায় শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। মামলার তদন্ত এখন ডিবি করছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের গজারি বন থেকে মশিউর রহমান (৪৫) নামের এক কারখানা কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
৬ মিনিট আগে
ওজন পরিমাপক যন্ত্রে মাছগুলো একে একে ওজন করে দেখা যায়, প্রতিটি মাছের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। মাথা, লেজ ও নাড়িভুঁড়ি বাদ দিলে, দেখা যায় ১৪০-১৫০ গ্রাম সলিড অংশ রয়েছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদায়ের কোপে নিলয় সরকার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পাবুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে