
পরিবহনের জ্বালানি খাতে সরকারের নির্দেশনা অমান্য করে অর্থ ব্যয় করায় অডিট আপত্তিতে আটকে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাবেক মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের অবসর ভাতা বা পেনশন। ২০২৫ সালের ২৮ আগস্ট এলপিআর (অবসর প্রস্তুতিমূলক ছুটি) শেষে পেনশন পাওয়ার কথা থাকলেও তিনি তা পাননি।
ডিএইর বর্তমান মহাপরিচালক আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক ডিজির পেনশন এখনো স্থগিত রয়েছে। আমরা অধিদপ্তর থেকে অডিট আপত্তির ব্যাখ্যা পাঠিয়েছি।’
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিসিএস (কৃষি) নবম ব্যাচের কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস ২০২৩ সালের গত ২৮ আগস্ট ডিএইর মহাপরিচালকের দায়িত্ব থেকে অবসরে যান। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার চুক্তিভিত্তিক তাঁর চাকরির মেয়াদ এক বছর বাড়ায়। সেই অনুযায়ী ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ২৮ আগস্ট আবার অবসরে যান বাদল। এলপিআর শেষে ২০২৫ সালের ২৮ আগস্টের পর থেকে পেনশন পাওয়ার কথা ছিল সাবেক এ মহাপরিচালকের। কিন্তু বাদল চন্দ্র বিশ্বাস মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় সরকারের নির্দেশ অমান্য করে ২০২৩-২৪ অর্থবছরে ডিএইর পরিবহন জ্বালানি (পেট্রল ও লুব্রিকেন্ট খাত) বাবদ ৭৩ লাখ টাকার বেশি ব্যয় করা হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে ডিএইর একজন দায়িত্বশীল কর্মকর্তা ২৪ আগস্ট আজকের পত্রিকাকে বলেন, ডিজি বাদল চন্দ্র বিশ্বাসের সময় তখনকার ডিএইর অর্থ উইংয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক তাইজুল ইসলাম, ক্যাশিয়ার জাহিদ হাসান, প্রটোকল অফিসার মো. দিদারুল আলম (রাসেল), ড্রাইভার আলমগীর, লিটন, কালাম গ্যাং অনৈতিক সিন্ডিকেট গড়ে তোলে।
ওই কর্মকর্তা বলেন, ‘পরিবহনের জ্বালানি তেল চুরি ও গাড়ি মেরামতের ভুয়া বিল ভাউচার করে তারা অনেক টাকা আত্মসাৎ করে। ডিএইর গ্যারেজে পড়ে থাকা অচল গাড়ির নামে মাসের পর মাস তেল বরাদ্দ দেখানো হয়। এ ছাড়া অনেক কর্মকর্তার বিরুদ্ধে বরাদ্দের চেয়ে বেশি তেল নিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে।’
ডিএই সূত্রে জানা গেছে, বর্তমানে অভিযুক্ত তাইজুল বরখাস্ত এবং বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে, চালক লিটন বরখাস্ত অবস্থায় আছেন। জাহিদ হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে। দিদারুল আলম, আলমগীর ও কালাম বিভাগীয় মামলার আসামি এবং তাঁদেরও অন্যত্র বদলি করা হয়েছে।
অডিট আপত্তিতে বলা হয়েছে, পেট্রল ও লুব্রিকেন্ট খাতের বরাদ্দ, ব্যয় রেজিস্টার, বিল ভাউচার, ক্যাশ বুক যাচাইকালে পরিলক্ষিত হয় যে, এর মধ্যে তৎকালীন সরকারের নির্দেশনা অনুসারে ২০ শতাংশ পরিবহন জ্বালানি ব্যয় কমানোর কথা থাকলেও বিধি প্রতিপালন না করে ৭৩ লাখ ১৬ হাজার ৪৭৮ টাকা অনিয়মিতভাবে ব্যয় করেছে ডিএই প্রশাসন। এতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র ও জিএফআর বিধি (জেনারেল ফিন্যান্সিয়াল রুলস) ৯ লঙ্ঘন করা হয়েছে বলেও অডিটে উল্লেখ করা হয়। নির্দেশনা লঙ্ঘন করে অতিরিক্ত জ্বালানি ব্যবহার করায় দায়দায়িত্ব নির্ধারণ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা নিরীক্ষার সুপারিশে অডিট অধিদপ্তর থেকে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি ব্যয় তখন কমিয়েছিলাম। কিন্তু জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় তখন খরচ বেশি হয়েছিল—অডিট আপত্তির উত্তরে এই ব্যাখ্যা পাঠানো হয়েছে। তবে এখনো অডিট নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি হলে পেনশন নিয়ে জটিলতা কাটবে।’

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর দরপত্র জমার সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২৭ করেছে সরকার। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর অনুরোধে ডেটা সেলস প্যাকেজ সহজলভ্য করার পাশাপাশি সময় বাড়ানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
শবনাম শিবাকোটি দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে খাদ্য, পশুখাদ্য ও আঁশজাতীয় পণ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা চ্যালেঞ্জ এ অঞ্চলের কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায়
৭ ঘণ্টা আগে
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশ অর্থনৈতিক লুণ্ঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভাঙন, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘনের কারণে সংকটের মুখে ছিল। এমন পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার...
৭ ঘণ্টা আগে
পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ খতিয়ে দেখবে সংস্থাটি...
৭ ঘণ্টা আগে