Ajker Patrika

রাঙামাটিতে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি 
রাঙামাটিতে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন
২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: আজকের পত্রিকা

এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙামাটিতে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এ হাসপাতালের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ‘আজ ভবনের উদ্বোধন হলো। ধাপে ধাপে সব হবে। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সে আলোকে রাঙামাটি জেনারেল হাসপাতালের সংকট দূরীকরণে যা করণীয় তা করবে সরকার।’

রাঙামাটির সিভিল সার্জন নুয়েন খীসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া, রাঙামাটি সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, গণপূর্ত বিভাগের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এবং রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর খান।

সিভিল সার্জন নুয়েন খীসা জানান, নবনির্মিত এ ভবনে থাকবে আইসিইউ, এমআরআই, সিটি স্ক্যানসহ উন্নত আধুনিক স্বাস্থ্যসেবা। ভবনটি বুঝিয়ে নেওয়া হলেও এটি পুরোদমে চালু করতে কিছু সময় লাগবে। ভবনে চক্ষু বিভাগের অপারেশন সেবা চালু করা হয়েছে। অন্যান্য চিকিৎসা সরঞ্জামের চাহিদা দেওয়া হয়েছে। জনবলসংকট দূর করতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত ১৯৮৬ সালে তবলছড়ি থেকে উত্তর কালিন্দীপুরে স্থানান্তর করা হয় হাসপাতালটি। এ সময় এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। পরে জেলায় জনসংখ্যা বাড়লেও অবকাঠামো বাড়েনি হাসপাতালে। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল হাসপাতালটিতে। বিগত আওয়ামী লীগ সরকার এ হাসপাতালের অবকাঠামো বৃদ্ধিকল্পে ১১ তলাবিশিষ্ট হাসপাতাল প্রকল্প গ্রহণ করে। সম্প্রতি ১১ তলার নকশার ৬ তলা ভবনের কাজ শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় রাঙামাটি গণপূর্ত বিভাগ।

এদিকে বর্তমান সরকার সম্প্রতি ১০০ শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত