
রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন এবং অ-উপজাতীয় প্রতিমন্ত্রীর পরিবর্তে চুক্তির বিধান মেনে উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
লংগদুর কালাপাগুজ্যা মৌজার হেডম্যান মো. মীর সিরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি সুজিত দেওয়ান, জেলা কার্বারি সভাপতি নন্দ বিকাশ চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা স্বপন মল্লিক, জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল এবং মহিলা হেডম্যান মানুচিং মারমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীর পদে বহালের দাবি জানান।
মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল রাঙামাটির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রশাসনিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুক্তি বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
এতে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠনের কথা রয়েছে এবং মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের বিধান রয়েছে। তবে বর্তমানে এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অ-উপজাতীয় প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ায় তা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়।
বক্তারা অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একজন অ-উপজাতীয় সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাঁদের মতে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তাঁদের দাবি, এই সিদ্ধান্তের ফলে পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগকারী মন্ত্রী দীপেন দেওয়ান ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে এই পদত্যাগ ঘিরে জনমনে প্রশ্ন ও ধোঁয়াশা রয়েছে বলে উল্লেখ করা হয়।
বিভিন্ন মহল ও সংবাদমাধ্যমের বরাতে স্মারকলিপিতে দাবি করা হয়, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি; বরং পদত্যাগে বাধ্য করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।
নাগরিক সমাজের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তাঁরা অবিলম্বে বর্তমান প্রতিমন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে পদায়ন করে চুক্তির শর্ত অনুযায়ী উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি থেকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী নিয়োগের দাবি জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছরের বেশি সময় আগে। তবে সেই প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি; বরং অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা দিয়ে এখন ১০ তলাবিশিষ্ট স্থায়ী ছাত্র হল নির্মাণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনের ৭০ শতাংশ খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জলাশয়টি ২০ দিন ধরে বালু ফেলে দখল করে নেয় একটি চক্র।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
৪ ঘণ্টা আগে