Ajker Patrika

স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, বিচার চেয়ে টিসি পেল ভুক্তভোগী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, বিচার চেয়ে টিসি পেল ভুক্তভোগী
ছবি: ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বাইরে যাওয়ার অভিযোগে টিসি দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর তীরের ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে এক কিশোর এসে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে লাথি মারে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি দেওয়া হয়। পাশে থাকা এক ব্যক্তি মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়সংলগ্ন ওয়াকওয়েতে ঘটনাটি ঘটে। ওই সময় কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী সেখানে ছিল। অভিযুক্ত কিশোর পেছন থেকে এসে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পরপর দুবার লাথি মারে বলে স্থানীয়রা জানান।

এদিকে অভিযুক্ত কিশোরকে স্থানীয় সালিসে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাওয়ানোর একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করতে দেখা যায়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করেন, ঘটনাটি প্রায় এক মাস আগে ঘটলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁর মেয়েকে বিদ্যালয় চলাকালে স্কুলের বাইরে যাওয়ার অভিযোগে শিক্ষকদের সিদ্ধান্তে টিসি দেওয়া হয়েছে। বর্তমানে মেয়েকে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তবে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে এবং স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয়েছে।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত