রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব

রাজশাহীতে নানা আয়োজনে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪ তম বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর, বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা রানী সরকার এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।
আরও ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. জে এ এম সকিল উর রহমান, ডুয়েটের অধ্যাপক নাসিম আখতার এবং সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।
স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র শিশু থিয়েটারের সম্পাদক ইকবাল আলী। বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক আমির সাদাত ও সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন সংহিতা রায় ও অংকনা সেন।
পরে অতিথিরা কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত ‘বিশ্বকবি: বিশ্বের বিস্ময়’ এবং ‘বাংলাভাষা ও ব্যাকরণের মেলবন্ধন’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। এ সময় আলোচকেরা গ্রন্থ দুটির বিভিন্ন দিক তুলে ধরে লেখকের সাহিত্যকর্ম ও লেখনীর ভূয়সী প্রশংসা করেন।









