রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ভূমিকা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দ্বিতীয়বারের মতো এ সম্মেলন শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত ‘Sovereignty, Humanity & Law in the Contemporary World’ এই শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের প্রচলিত ধারণা নানা চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যা এখন আর একটি ভূখণ্ডের সীমানায় সীমাবদ্ধ নেই। তাই সার্বভৌমত্বের অর্থ শুধু নিজের ইচ্ছেমতো চলার স্বাধীনতা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও। সার্বভৌমত্ব কিংবা রাষ্ট্রীয় আইন কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না।

প্রধান বিচারপতি বলেন, এ সম্মেলন বিভিন্ন অঞ্চল ও পটভূমির পেশাজীবীদের মধ্যে আলোচনা, গবেষণালব্ধ ফলাফল বিনিময় এবং সার্বভৌমত্বের পরিবর্তনশীল প্রকৃতি, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে আইনের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করেছে।
সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও অসমতা বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে একাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আইন বিভাগের অধ্যাপক বেগম আসমা সিদ্দীকার সভাপতিত্বে প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ল স্কুলের অধ্যাপক ইমেরিটাস ড. মো. রফিকুল ইসলাম এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন অনুষদের অধ্যাপক দাতিন মেরি জর্জ। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মু. নসরুল্লাহ এবং রাবির আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









