রাজশাহীর পবা উপজেলায় বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার নওহাটা আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকার নফিরউদ্দিন (৬৫) ও পবা থানার জয়কৃষ্ণপুর এলাকার মফিদুল ইসলাম (৪৫)।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, একটি রিজার্ভ বাসের সঙ্গে ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মফিদুল ইসলামের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানগাড়ি উদ্ধার করে পবা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।










