
একজনের চাকরির সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন শিশির আহমেদ। তাই স্ত্রীকেও ঢুকিয়েছিলেন তিনি যে কারখানায় কাজ করতেন, সেখানে। আজও সকালেও দুজন একসঙ্গেই কাজে গিয়েছিলেন। কিন্তু গিয়ে শুনলেন, তাঁদের দুজনের কারোরই চাকরি নেই।
হতাশ শিশির তাই বলছিলেন, "বিনা নোটিশে দুজনেরই চাকরি চলে গেল। এখন সংসার চালাব কীভাবে?"
পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত জাপানি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টোয়া’ কারখানার ১১২ জন শ্রমিককে আজ বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। শিশির ও তাঁর স্ত্রী তাঁদের মধ্যে দুজন।
ঘটনার আকস্মিকতা ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পাকশী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, আর্থিক সংকটের কারণে টোয়া কোম্পানির মোট ৩২০ জন শ্রমিকের মধ্যে ১১২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে চাকরিচ্যুত শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়েছে এবং তাঁদের ব্যাংক হিসাবেও টাকা পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তিনি আরও বলেন, “প্রথম দিকে শ্রমিকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে তাঁদের বুঝিয়ে শান্ত করা হয়।”
চাকরিচ্যুত শ্রমিকরা জানান, তাঁরা দীর্ঘ আট-নয় বছর ধরে কারখানাটিতে কাজ করে আসছিলেন। কয়েকদিন ধরে শ্রমিক ছাঁটাইয়ের গুঞ্জন থাকলেও আজ কাজে যোগ দেওয়ার পর হঠাৎ চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে ফ্লোর ইনচার্জরা তাঁদের স্থায়ীভাবে ছাঁটাইয়ের কথা জানান।
এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ঈদের আগে বিনা নোটিশে চাকরি হারানোর প্রতিবাদ জানান এবং পুনর্বহালের দাবি তোলেন। একপর্যায়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। পরে পুলিশ, আনসার ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের চাকরিচ্যুত করা হলেও অদক্ষ ও অনিয়মিত কিছু শ্রমিককে প্রভাব খাটিয়ে চাকরিতে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “কারখানায় আর্থিক সংকট থাকলেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে। দুর্নীতি আড়াল করতেই দক্ষ শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে আমাদের ধারণা।”
টোয়া কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মুসলিম ভূঁইয়া বলেন, “বেপজার সব নিয়ম মেনেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়েছে। কারও কোনো বকেয়া নেই।”
বিনা নোটিশে চাকরিচ্যুতির বিষয়ে তিনি বলেন, “জাপানি কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই কাজ করেছি। কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি।”

আওয়ামী লীগের এক নেতার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায়। গত বছরের ৬ মার্চের সেই সংঘর্ষের মধ্যে পড়ে এক পক্ষের হাতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ মৃত্যু হয় তাঁর।
২ ঘণ্টা আগে
গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
৩ ঘণ্টা আগে