
একসময় যে বৈদেশিক ঋণের হিসাব দাঁড়িয়েছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা, এখন একই ঋণের বিপরীতে সরকারকে গুনতে হচ্ছে আরও হাজার হাজার কোটি টাকা বেশি। কারণ একটাই—ডলারের দাম। টাকার বিপরীতে মার্কিন মুদ্রার অস্বাভাবিক উল্লম্ফন দেশের সবচেয়ে বড় বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নতুন করে অর্থ চাপের মুখে ঠেলে দিয়েছে।
এই পরিস্থিতিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) রূপপুর প্রকল্পের জন্য অতিরিক্ত ৫ হাজার ৮৮ কোটি টাকার বৈদেশিক সহায়তা চেয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই অর্থ ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাতের থোক বরাদ্দ থেকে দেওয়ার প্রস্তাব করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগ এবং শিল্প ও শ্রমশক্তি বিভাগে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। পরে ১৪ মে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি এ বিষয়ে অনাপত্তিও দিয়েছে। সেখানে বলা হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের আরএডিপির থোক বরাদ্দ থেকেই অতিরিক্ত অর্থ সমন্বয় করা যেতে পারে।
বর্তমানে চলতি অর্থবছরের আরএডিপিতে রূপপুর প্রকল্পের জন্য বৈদেশিক সহায়তা বরাদ্দ রয়েছে ৯ হাজার ৬০০ কোটি টাকা। এখন সেটি বাড়িয়ে ১৪ হাজার ৬৮৮ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এক অর্থবছরেই অতিরিক্ত ৫ হাজার ৮৮ কোটি টাকার প্রয়োজন তৈরি হয়েছে।
সরকারি নথিতে বলা হয়েছে, রূপপুরের মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ধরা হয়েছিল। প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার কাছ থেকে নেওয়া রাষ্ট্রীয় ঋণের পরিমাণ ১ হাজার ৯৩৮ কোটি ডলার। সেই সময় প্রতি ডলারের বিনিময় হার ধরা হয়েছিল ৮০ টাকা। সে হিসাবে বৈদেশিক ঋণের টাকার অঙ্ক নির্ধারণ করা হয় ৯১ হাজার ৪০ কোটি টাকা।
কিন্তু গত কয়েক বছরে ডলারের দাম ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় পুরো অর্থায়ন কাঠামোতেই বড় চাপ তৈরি হয়েছে। সর্বশেষ সংশোধিত ডিপিপিতে ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১২২ টাকা ৪০ পয়সা। ফলে একই পরিমাণ ঋণের বিপরীতে সরকারকে এখন অনেক বেশি টাকা জোগাড় করতে হচ্ছে।
এদিকে চলতি বছরের ২৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদন দেওয়া হয়। সেখানে প্রকল্পের মেয়াদ আরও আড়াই বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে সময়ের সঙ্গে ব্যয়ের চাপও আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সচিব এস এম শাকিল আখতার এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘চিঠি এখনো হাতে পাইনি।’ তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের ভেতরে নীতিগতভাবে ইতিবাচক অবস্থান রয়েছে।
ইআরডির ১৪ মে জারি করা চিঠিতে বলা হয়েছে, অতিরিক্ত অর্থ ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাত থেকে সমন্বয় করা হবে। যদিও এতে সামগ্রিক বৈদেশিক সহায়তার বরাদ্দ বাড়বে না, কিন্তু সংশ্লিষ্ট খাত ও মন্ত্রণালয়ের প্রকল্প ঋণের পরিমাণ আরও বাড়বে।
অর্থনীতিবিদেরা বলছেন, রূপপুরের ঘটনা এখন শুধু একটি প্রকল্পের ব্যয় বৃদ্ধি নয়; বরং এটি বাংলাদেশের বড় বৈদেশিক ঋণনির্ভর উন্নয়ন কৌশলের অন্তর্নিহিত ঝুঁকিও সামনে নিয়ে এসেছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, ‘রূপপুরের মতো বড় প্রকল্পে ব্যয় বৃদ্ধি শুধু নির্মাণ ব্যয় নয়, মুদ্রা বিনিময় ঝুঁকির কারণেও হচ্ছে। ডলারের দাম বেড়ে গেলে সরকারকে একই ঋণের বিপরীতে অনেক বেশি টাকা জোগাড় করতে হয়। এতে সামষ্টিক অর্থনীতির ওপরও চাপ পড়ে।’
ড. মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘমেয়াদি বিদেশি ঋণনির্ভর প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এখন থেকে বিনিময় হার ঝুঁকি আরও গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে।
জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম বলেন, ‘রূপপুর দেশের সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগগুলোর একটি। এখানে সময় ও ব্যয়—দুই-ই বেড়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকল্পের স্বচ্ছতা, সময়মতো বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিচালন ব্যয় কীভাবে সামাল দেওয়া হবে।’
সরকারি তথ্য অনুযায়ী, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় একক বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প।

দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা। তারা হলেন—রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম।
১০ ঘণ্টা আগে
সোনালী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া পাকিস্তান থেকে আমদানি করা ২৮ মেট্রিক টন রক সল্ট বা বিট লবণের একটি চালান আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে চালানটির খালাস কার্যক্রম স্থগিত রয়েছে।
১৬ ঘণ্টা আগে
শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ জুলাই ধার্য করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে