‘বদলি না করলে আমাদের বিষ দেন-খেয়ে মরি’

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশের দাবিতে তিন দিন ধরে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নারী শিক্ষকেরা। গত বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের’ ব্যানারে আমরণ অনশনে বসেন তারা। আজ শুক্রবারও তাঁরা এই কর্মসূচি অব্যাহত রেখেছেন।
অনশনরত নারী শিক্ষক জান্নাত আক্তার বলেন, ‘আমাদের সামনে আর কোনো উপায় নেই। আমি ৪৫০ কিলোমিটার দূরে চাকরি করি। আমার সন্তান ও স্বামী এক জায়গায়, আর আমি আরেক জায়গায় থাকি। আমি ঘুমাতে পারি না। এখানে অন্তত সবার সঙ্গে আছি, সবাই আমাদের দেখছেন। কিন্তু কর্মস্থলে ফিরে গেলে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। আমাদের দাবি পূরণ না হলে এখানেই পড়ে থেকে মরব। দাবি আমাদের বিষ দেন, আমরা বিষ খেয়ে মরি। এত পড়াশোনা করে চাকরি করার পরও যদি এভাবে চাকরি ছেড়ে দিতে হয়, তাহলে আমাদের দায়িত্ব কে নেবে?’
এ শিক্ষক নিজের অসহায়ত্ব তুলে ধরে বলেন, ‘আমরা এতগুলো নারী, সন্তান ও পরিবার ছেড়ে রাস্তায় পড়ে আছি। রাস্তায় কোনো কুকুর পড়ে থাকলেও মানুষ তাকে বাড়িতে নিয়ে যায়, খাবার দেয়, আদর করে। অথচ এতগুলো অসহায় নারী সন্তান নিয়ে রাস্তায় পড়ে আছি। আমরা এখানে কতটা নিরাপদ, সেটাও একটা প্রশ্ন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তিনি যেন শিক্ষামন্ত্রীকে বিষয়টি একটু দেখার জন্য বলেন এবং আমাদের সমস্যার সমাধানের ব্যবস্থা করেন।’
নারী শিক্ষকেরা জানান, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এরপর দুই মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকেরাও ‘অনশন কর্মসূচিতে’ অংশ নিচ্ছেন। শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘আমাদের সহকর্মী, আমাদের বোনেরা এখানে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আমরা পুরুষ শিক্ষকেরাও এখানে এসেছি।’
শিক্ষকেরা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপণ করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
অনশনরত শিক্ষকেরা জানান, নিজ জেলায় বদলিসহ বাড়ির কাছাকাছি বদলি করতে হবে। দ্রুত বদলি আদেশ জারি করতে হবে। ভিন্ন জেলায় চাকরি করার কারণে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। বদলি আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলে জানান তাঁরা।









