সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর
• দুই সেতুর নির্মাণ ব্যয় সাড়ে ১৭ কোটি টাকা
• ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়
• নকশিপল্লি গড়ে তোলার পরিকল্পনায় সেতু নির্মিত হয়, বলছেন স্থানীয়রা

সড়ক তো দূরের কথা, আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে নেই কোনো জনবসতি। এ রকম একটি এলাকায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৯৫ মিটার দীর্ঘ এক সেতু। এটির দেড় কিলোমিটার পরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে করা হয়েছে ৫০ মিটারের আরেকটি সেতু।
৯৫ মিটারের সেতুটি নির্মিত হয়েছে জামালপুর পৌর এলাকায় হাটচন্দ্রা গ্রামে। আর ৫০ মিটারের সেতুটি হয়েছে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী আটাবাড়ি গ্রামে।
২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি সেতু দুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে সংযোগ সড়ক না থাকায় সেতু দুটি যান চলাচলে কোনো কাজে লাগছে না। স্থানীয় বাসিন্দারা এখন সেতু দুটি দিয়ে কেবল ঝিনাই নদের পশ্চিম তীরে ফসলের মাঠে যাতায়াত করেন। অনেকে সেতুগুলোয় ধান-খড়সহ বিভিন্ন ফসল শুকাতে দেন।
জামালপুর এলজিইডি কার্যালয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সেতু দুটি নির্মাণ করা হয়েছে। এর নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের নভেম্বর মাসে। ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষে সেতু দুটি ‘যানবাহন চলাচলের’ জন্য খুলে দেওয়া হয়। ৯৫ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ১৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ২ কোটি ৯৩ লাখ ১১ হাজার ১০৭ টাকা।
জামালপুর পৌর এলাকার বাসিন্দারা বলছেন, ৯৫ মিটার সেতুর পূর্ব পাশে হাটচন্দ্রা গ্রাম জামালপুর সদর পৌরসভার আওতাধীন। আর পশ্চিম তীরে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ভাবকী আটাবাড়ি এলাকা। এ দুটি এলাকার মানুষের যাতায়াতের কোনো রাস্তা দুই সেতুর দিকে নেই। বিশাল এলাকাজুড়ে ফসলি জমি। বিগত সরকারের সময়ে হাটচন্দ্রার পশ্চিম পাশের এই এলাকায় নকশিপল্লি গড়ে তোলার জন্য সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই দুই সেতু। পরে জামালপুর পৌর এলাকার কম্পপুরে নকশিপল্লি করার প্রস্তাবনা করা হয়। স্থানীয় বাসিন্দারা সেতুর রাস্তা না থাকা এবং সরকারের কোটি কোটি টাকা অপচয় করায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সেতু দুটির সংযোগ সড়ক করে দেয়।
চন্দ্রা গ্রামের কৃষক আব্দুল করিম বলেছেন, ‘হাসিনার সরকারের সময় এই ব্রিজ করা হয়েছে। কোনো রাস্তাঘাট নাই, ব্রিজ দিছে, এহন আমরা কী করমু, ধান, খড়সহ মরিচ শুকাই।’
একই গ্রামের রহমত মিয়া বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শুনলাম এখানে নাকি নকশিপল্লি দিব। এরপর ব্রিজও করল। হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তন করে নকশিপল্লির স্থান করা হলো কম্পপুর। এরপর আর ব্রিজের জন্য কোনো রাস্তা করা হলো না।’
ভাবকী আটাবাড়ি এলাকার আব্বাস আলী বলেন, ‘ভাবকীর ব্রিজেরও কোনো রাস্তা নাই। দুটি ব্রিজ জনসাধারণের কোনো কাজেই আসছে না।’
এলজিইডির মেলান্দহ উপজেলা প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘শুনেছি, ওখানে নকশিপল্লি বা কিছু একটা করার প্ল্যান (পরিকল্পনা) ছিল। তবে ব্রিজ যেহেতু হয়েছে, আমি চেষ্টা করব জনগণের চলাচলের জন্য সংযোগ সড়কটি করানোর। আমার কাছে সংযোগবিহীন ব্রিজের তালিকা চাওয়া হয়েছিল। সেখানে দুটি ব্রিজই তালিকাভুক্ত করেছি।’









