
‘ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, তাহলে কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলাসহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুহূর্তে তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
প্রসঙ্গত, পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। তাঁকে ‘বহিরাগত’ উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়নবঞ্ছিত বিএনপির একাংশের নেতা-কর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বা সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।
এর অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতা-কর্মীদের নিয়ে গণমিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। গণমিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্য নেতারা বক্তব্য দেন।
সেখানে বক্তব্য দিতে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন ধানের শীষের বাইরে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কথা একটাই। আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইরে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।’
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশে কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করব যাতে বিএনপির সবাই একসঙ্গে থাকে।’
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এত কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকেরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’

ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে ধামতী গ্রামের আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৯ মিনিট আগে
প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৭ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৭ ঘণ্টা আগে