
নবীন-প্রবীণ সবাই উপস্থিত একই পোশাকে। কারও সঙ্গে সন্তান, কারও সঙ্গে নাতি-নাতনি। তিন প্রজন্মের সবাই এসেছেন প্রিয় স্কুলের সুবর্ণজয়ন্তীতে। সকাল থেকে রাত পর্যন্ত পুরোনো সহপাঠীদের সঙ্গে আড্ডা-গল্পে মুখর ছিলেন সবাই। সেই সঙ্গে চলেছে সেলফি ও গ্রুপ ছবি তোলা। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্যান্ডেলের মাধ্যমে তৈরি করা হয়েছে ছোট ছোট স্টল। তাতে পিঠাপুলি, আইসক্রিম, কোমল পানীয়সহ বিভিন্ন খাবার সাজিয়ে রাখা। এসব দোকানের ক্রেতা যেমন ১২ বছরের শিশু তেমনি রয়েছেন ৭০ বছরের বৃদ্ধরাও। গতকাল সোমবার নোয়াখালী হাতিয়ার জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এই মিলনমেলা বসে।
হাতিয়ার দক্ষিণাঞ্চলের একেবারে প্রাচীন বিদ্যাপীঠ জাহাজমারা উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজনের কমতি রাখেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের তিনটি ভবনকে আলোকসজ্জা করা হয়। বিদ্যালয়ের মাঠের মাঝখানে তৈরি করা হয় বিশাল শীতাতাপনিয়ন্ত্রিত প্যান্ডেল। তাতে প্রায় ৩ হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়। প্যান্ডেলের চারপাশে ছোট ছোট স্টল বসানো হয়। বিভিন্ন জায়গায় সূবর্ণজয়ন্তীর ব্যানার দিয়ে সেলফি স্ট্যান্ড তৈরি করা হয়। মাঠের মূল গেট থেকে শুরু করে মঞ্চে ওঠা পর্যন্ত সুসজ্জিত গেট তৈরি করা হয়।
মাঠের দক্ষিণ পাশে দেখা হয় সাবেক শিক্ষার্থী দুলাল উদ্দিনের সঙ্গে। ৭০ বছর বয়সী দুলাল উদ্দিন এসেছেন মেয়ে ও জামাতাকে নিয়ে। তিনি জানান, ১৯৮১ সালে তিনি এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকায় চলে যান। বহু বছর পর বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এলাকায় এসেছেন। অনুষ্ঠানে এসে পুরোনো সহপাঠীদের দেখা পেয়েছেন। মেয়ে ও জামাতাকে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তাঁর সহপাঠীরা অনেকে মেয়ে ও জামাতাকে সালামি দিয়ে বরণও করছেন। পুরোনো বন্ধুদের এই আন্তরিকতা দেখে মুগ্ধ তিনি।
দুলাল উদ্দিন আরও জানান, অনুষ্ঠানে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। বহু বছর পর নিজ নিজ সহপাঠীদের কাছে পেয়ে গল্পের ডালি খুলে বসেছেন সবাই।
মাঠের বিভিন্ন অংশে নানা ব্যাচের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা গ্রুপ ছবি তুলতে দেখা যায়। দুই-চারজনের দল গোল হয়ে আড্ডায় ব্যস্ত। তাঁদের মধ্যে সাদাকালো একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী। কাছে গিয়ে প্রশ্ন করলে, তাঁরা জানান ২০১৩ সালের ব্যাচের শিক্ষার্থী তাঁরা। এই ব্যাচের টিম লিডার আশরাফুল মাওলা জানান, তাঁদের তিন বন্ধু পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁরা সেই মৃত তিন বন্ধুর ছবি দিয়ে সাদাকালো এই ব্যানার বানিয়েছেন। অনুষ্ঠানে প্রতিটি গ্রুপ ছবিতে ব্যানারটি হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে মৃত বন্ধুদের স্মরণ করছেন তাঁরা।
সোমবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে শেষে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান, অনুষ্ঠানের আহ্বায়ক তাজউদ্দিন রাফুল, শিল্পপতি আলাউদ্দিন রনি, প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব, প্রকৌশলী দিদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাবের হোসেন, মাস্টার বোরহানুল ইসলামসহ অনেকে। প্রথম অধিবেশনের শেষে উদযাপন কমিটির তত্বাবধানে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যার পর ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা চলে রাত ১১টা পর্যন্ত।
সার্বিক আয়োজন মনিটর করার জন্য করা হয় সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি করা হয়। তাতে আহ্বায়ক করা হয় ১৯৯১ ব্যাচের ছাত্র তাজউদ্দিন রাফুলকে। তিনি জানান, চার বছর আগে অনুষ্ঠানটি করার জন্য উদ্যোগ নেওয়া হয়। তখন করোনাভাইরাস ও পরে রাজনৈতিক অস্থিরতার কারণে তা করা হয়নি। সবশেষে এক বছর আগে সিদ্বান্ত নিয়ে শিক্ষার্থীদের নাম নিবন্ধন করা শুরু হয়। অনলাইন ও অফলাইন দুইভাবে নিবন্ধন করা হয়। শেষ সময় পর্যন্ত বর্তমান ও সাবেক মোট ২ হাজার ৮০০ ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে নাম নিবন্ধন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪ মিনিট আগে
আজ সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলায় ‘মব’ তৈরি করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তৃতীয় পক্ষের মাধ্যমে আসামির কাছে চাবি পাঠিয়ে পুলিশ হাতকড়া উদ্ধার করেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামের এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি।
২ ঘণ্টা আগে