
নেত্রকোনার মোহনগঞ্জে মনজুরুল হক নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে সম্রাট হাসান তুহিন নামে এক যুবকের বিরুদ্ধে। সম্রাট হাসান তুহিন বর্তমানে রাঙামাটি জেলার কাউখালী থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শেখেরগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হক জেলার মোহনগঞ্জ উপজেলার শেখুপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে তুহিনের স্ত্রী হোসনা বেগম ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। হোসনা বেগম নেত্রকোনা জেলার বারহাট্টা হিলোচিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।
অভিযোগে বলা হয়, ২০১২ সালে হোসনা বেগমের সঙ্গে সম্রাট হাসান তুহিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর ২০১৪ সালে তুহিন পুলিশের কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের সময় তিনি মোহনগঞ্জ উপজেলার শেখুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হককে নানা সাজিয়ে মিথ্যা তথ্যে সুনামগঞ্জ নোটারি পাবলিকে হলফনামা তৈরি করেন। এতে তুহিন নিজেকে মনজুরুল হকের মেয়ের পুত্র (দৌহিত্র) হিসেবে দাবি করেন। পরে সেই হলফনামা দিয়ে মুক্তিযোদ্ধার কোটা সুবিধা গ্রহণ করে পুলিশে চাকরি নেন তুহিন। তিনি দীর্ঘদিন নেত্রকোনা জেলার মদন থানায় কর্মরত ছিলেন। মুক্তিযোদ্ধার কোটায় চাকরির সুবাদে তিনি বিগত আওয়ামী লীগের শাসনামলে বেপরোয়া জীবন যাপন করতেন। এমনকি ছুটি না নিয়েও তিনি মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। জুলাই বিপ্লবের সময় মদনে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচিতে হামলায় সরাসরি জড়িত থাকায় তুহিনকে রাঙামাটি জেলার কাউখালী থানায় বদলি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
হলফনামাসহ এ-সংক্রান্ত সব কাগজপত্র ও তুহিনের ছবি বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হককে দেখানো হলে তিনি বলেন, ‘তুহিন নামে আমার কোনো নাতি নেই। এমনকি হলফনামায় থাকা স্বাক্ষরটিও আমার নয়, কেউ হয়তো প্রতারণা করেছে। আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি মোহনগঞ্জে; সুনামগঞ্জে আমার মেয়েকে বিয়ে দিইনি।’ যিনি এই প্রতারণা করেছেন তাঁর শাস্তি দাবি করেন তিনি।
নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ কনস্টেবল সম্রাট হাসান তুহিন জেলার মদন থানায় কর্মরত থাকাকালীন ২০২৩ সালের ৫ জুলাই থেকে ১৫৬ দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন।
অভিযোগকারী হোসনা বেগম বলেন, তুহিন প্রতারণা করে বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হকের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে নিজেকে নাতি পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক তাঁর নানা নয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ মিথ্যা দাবি করে পুলিশ কনস্টেবল সম্রাট হাসান তুহিন বলেন, ‘স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝগড়া হওয়ার কারণে এমন অভিযোগ করেছে। বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক আমার নানা, এটাই সত্যি। তাঁর সনদেই পুলিশেই চাকরি নিয়েছি। অফিশিয়ালি নিয়মিত আমাদের ভেরিফিকেশন হয়। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে থাকলে এত দিনে চাকরি থাকার কথা নয়।’ ‘মুক্তিযোদ্ধা মনজুরুল হক বলেছেন আপনি তাঁর নাতি নন’—এমন প্রশ্নের কোনো জবাব দেননি তুহিন।
তুহিন বলেন, অভিযোগ থাকতেই পারে, প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ দোষী নয়।
জানতে চাইলে ময়মনসিংহ দুদক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তাজুল ইসলাম বলেন, ‘অভিযোগটি ঢাকা অফিসে পাঠানো হবে। পরবর্তীকালে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধি অনুযায়ী আমাদের এখতিয়ারের মধ্যে হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
১০ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ১০ মণ মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস বিক্রেতা আলী আকবর গাজীর দোকানে অভিযান...
৩৩ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক...
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
১ ঘণ্টা আগে