ভালো কাজে বাধা দিলে সরকার আরও কঠোর হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, সরকারের উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। ভালো কাজের পথে বাধা সৃষ্টি করলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখমাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে চাই; কিন্তু বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত করতে কাজ করছে। সরকার এসব ষড়যন্ত্র দেখছে না বা শুনছে না, এমনটি ভাবার কোনো কারণ নেই।’
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।









