লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে মো. সোহাগ আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আট পিস ইয়াবা উদ্ধার করে জব্দের দাবি করেছে সংস্থাটি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এ তথ্য নিশ্চিত করে। এসআরবি-৫-এর সিপিসি-২ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়। সোহাগ মোহরকয়া গ্রামের মো. নজরুল মণ্ডলের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক আইডি, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। অডিও ভয়েস রেকর্ডসহ বিভিন্ন প্রযুক্তি ও স্ক্যানার ব্যবহারের মাধ্যমে প্রতারণার অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মোহরকয়া গ্রামে অভিযান চালানো হয়। নজরুল মণ্ডলের বাড়ির নির্মাণাধীন একটি টিনের ছাপড়া ঘর থেকে সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ আলী অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। বন্ধুদের সঙ্গে বসে মাঝেমধ্যে ইয়াবা সেবনের কথাও তিনি স্বীকার করেছেন।
অপরাধের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলবে বলে জানিয়েছে এসআরবি-৫।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এসআরবি-৫-এর অভিযানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। অনলাইন প্রতারণা ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।









