নওগাঁয় বিএনপি কার্যালয়ে আগুন: আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ শেখ (৫২) এবং রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বী শেখ (২৫)। তাঁরা দুজনই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা। আশরাফ শেখ ওই গ্রামের মতিন শেখের ছেলে এবং রাব্বী শেখ আফছার শেখের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, গত বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আশরাফ শেখ ও রাব্বী শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।









