রাণীনগরে বিএনপি অফিসে আগুনের ঘটনায় মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারস্থ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, সামিয়ানা এবং টিনের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতোয়ার রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল আমিনকে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে সেখানে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।









