Ajker Patrika

মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সদর ও সিরাজদিখান উপজেলায় পৃথক ঘটনায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুপুরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমসুরা এলাকার মেঘনা নদী থেকে নাহিদ সুলতানা (৬৭) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকার বাসিন্দা তিনি। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলামের স্ত্রী এবং শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। নিখোঁজের ছয় দিন পর তাঁর মরদেহ উদ্ধার হয়।

চরআবদুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পরিতোষ সরকার বলেন, নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন। মরদেহে পচন ধরেছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, ১৩ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর নাহিদ সুলতানা আর ফিরে আসেননি। পরে তাঁর স্বামী মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের দাবি— তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামের একটি পুকুর থেকে সম্ভু ভদ্র (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে পুলিশ।

প্রতিবেশীরা জানান, সম্ভু ভদ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, ঘটনাস্থল পরিদর্শনে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত