
মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম। তাঁর বক্তব্যে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে আখ্যা দেওয়া এবং দৌলতপুরে রিপোর্টিং কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক অনুমোদনের কথা বলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। পরে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে আব্দুস সালামকে বলতে শোনা যায়, ‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদের ধরতে হবে। দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেগুলো গ্রুপে দেব সেগুলোই ছাড়বা, বাকিগুলো ছাড়বা না। আমরা কাটিং করে ছাড়ব। সাংবাদিকেরা দৌলতপুর উপজেলা যুবদলের সঙ্গে লাগছে। আজ আমাদের সঙ্গে লাগছে, কাল তোমাদের সঙ্গেও লাগবে।’
ভিডিওতে আরও শোনা যায়, তিনি কিছু সাংবাদিককে উদ্দেশ করে উসকানিমূলক মন্তব্য করেন এবং দলীয় নেতা-কর্মীদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বক্তব্যের একপর্যায়ে তিনি অশালীন ও অশ্রাব্য শব্দও ব্যবহার করেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম মোবাইল ফোনে বলেন, ‘যেসব সাংবাদিক আওয়ামী লীগপন্থী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আর যারা দেশের জন্য কাজ করেন, তাঁদের আমরা স্বাগত জানাই।’
এ ঘটনায় দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। বিষয়টি সংগঠনের নজরে এসেছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।’
এ ঘটনায় দৌলতপুরসহ জেলার সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা হুমকিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়।

ফেনীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
৮ মিনিট আগে
এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করে তা ব্যবহার করতেন। ওই আইডি কার্ড দেখিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিনের মাথায় কারাগারে নুরুল আলম (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে