
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন আরও ২৮ জন।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের ভেতর থেকে ১৫ জনের মরদেহ এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান আরও দুজন। মরদেহগুলো রাখা হয়েছে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে।
আহতদের মধ্যে বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আ হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তিজ ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল (৫০) ও এনামুল (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকি সাতজনের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটিতে মোট ৫৪টি আসন রয়েছে। প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিনের কাভারেও যাত্রী ছিল। এর মধ্যে যাঁরা সামনের দিকে বসে ছিলেন, তাঁদের মৃত্যুই বেশি ঘটেছে।’
বাসে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন। আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাঁদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি। এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আমাদের উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।’
উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, শিবচর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
আরও খবর পড়ুন:

নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ভ্যানে থাকা আখতারুজ্জামান নামের এক স্কুলশিক্ষক। এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলায় একই সময়ে পৃথক স্থানে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের...
১৬ মিনিট আগে
বন্ধুকে দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরের মধ্যেই লুটিয়ে পড়লেন আরেক বন্ধু। বন্ধুর জন্য খোঁড়া কবরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
২১ মিনিট আগে
বগুড়ায় রেললাইন দখল করে হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেট-সংলগ্ন এলাকায় রেললাইন-সংলগ্ন জমি ও পরিত্যক্ত রেললাইনের ওপর কংক্রিট ঢালাই করে স্থাপনা গড়ে তোলায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ থানায় এজাহার দাখিল করেছে দুই মাস আগে।
২৫ মিনিট আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও অজ্ঞাত সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
২৭ মিনিট আগে